সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন

নোয়াখালীর সোনাইমুড়ীতে একটি এতিমখানার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের জেরে দুই সাংবাদিকের ওপর হামলা এবং থানায় মামলা গ্রহণে গড়িমসির অভিযোগে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।
বিজ্ঞাপন
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে নোয়াখালী প্রেসক্লাবের সামনে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে জেলার বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকেরা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সোনাইমুড়ীর ফয়েজিয়া এতিমখানায় এতিমদের জন্য সরকারি বরাদ্দের অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশের পর দৈনিক আমাদের সময়ের সোনাইমুড়ী প্রতিনিধি ও দৈনিক নোয়াখালীর কথার স্টাফ রিপোর্টার গোলজার হানিফ এবং দৈনিক ভোরের চেতনার সোনাইমুড়ী উপজেলা প্রতিনিধি মনিরুজ্জামানের ওপর হামলা করা হয়। এ সময় তাদের সপরিবারে হত্যার হুমকি দেওয়ারও অভিযোগ করেন তারা।
বক্তারা আরও অভিযোগ করেন, হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও তা মামলা হিসেবে নথিভুক্ত করা হয়নি। একই সঙ্গে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহে পুলিশ কার্যকর উদ্যোগ নেয়নি বলেও দাবি করেন তারা। আহত সাংবাদিকদের বিরুদ্ধেও চাঁদাবাজির অভিযোগ নেওয়া হয়েছে বলে মানববন্ধনে অভিযোগ করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
তবে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেনের ভাষ্য, সাংবাদিক মোহাম্মদ হানিফের দেওয়া অভিযোগ তদন্তের জন্য একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলেও তিনি জানান। অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করতে প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করার কথা জানিয়েছেন ওসি।
এদিকে এতিমখানা কর্তৃপক্ষ সাংবাদিকদের বিরুদ্ধে করা অভিযোগকে ভিত্তিহীন দাবি করেছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের ভাষ্য, সরকারি বরাদ্দ নিয়ম মেনেই ব্যয় করা হয়েছে। একই ঘটনায় উভয় পক্ষ থানায় লিখিত অভিযোগ দিয়েছে বলেও পুলিশ ও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যে উঠে এসেছে।
বিজ্ঞাপন
মানববন্ধনে সাংবাদিক নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা স্বাধীন সাংবাদিকতার জন্য উদ্বেগের। তারা হামলার অভিযোগ তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং এতিমখানার সরকারি বরাদ্দ নিয়ে ওঠা অভিযোগও যথাযথভাবে তদন্তের দাবি জানান।
একই সঙ্গে বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নোয়াখালীর পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন তারা।
মানববন্ধনে বক্তব্য দেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিষাদ, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন বাবু, নোয়াখালী প্রেসক্লাবের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আকবর হোসেন সোহাগ, এ আর আজাদ সোহেল, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম জাহান, আরটিভি ও দৈনিক আগামীর সময়ের নোয়াখালী প্রতিনিধি গিয়াস উদ্দিন রনি, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মুজাহিদ ইসলাম সোহেল, সোনাইমুড়ী প্রেসক্লাবের সভাপতি বেলাল হোসেন ভূঞা, সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন রাজসহ সাংবাদিক নেতারা।








