Logo

চুনারুঘাটে মাদক সেবনে দুই যুবকের ছয় মাসের কারাদণ্ড

profile picture
উপজেলা প্রতিনিধি
চুনারুঘাট, হবিগঞ্জ
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:১৬
চুনারুঘাটে মাদক সেবনে দুই যুবকের ছয় মাসের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

হবিগঞ্জের চুনারুঘাটে প্রকাশ্যে মাদক সেবনের অভিযোগে দুই যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে একটি এক্সক্যাভেটর (ভেকু) ধ্বংস এবং লাইসেন্স ছাড়া তেল বিক্রির অভিযোগে এক দোকানিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে পরিচালিত মাদকবিরোধী অভিযানে মাদক সেবনরত অবস্থায় দুই যুবককে আটক করা হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন উপজেলার গাজীপুর ইউনিয়নের টেকারঘাট গ্রামের মো. সজিব মিয়া (২৮) এবং একই ইউনিয়নের গোবরখলা গ্রামের মো. মিজানুর রহমান মামুন (৩৬)।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় সজিব মিয়া ও মিজানুর রহমান মামুনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের দোষী সাব্যস্ত করে প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এদিকে একই দিন চুনারুঘাটের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ তৌফিক আনোয়ার উপজেলার উছমানপুর মুছিছড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। সেখানে অনুমোদন ছাড়া এক্সক্যাভেটর দিয়ে মাটি কাটার অভিযোগে একটি ভেকু মেশিন ধ্বংস করা হয়।

বিজ্ঞাপন

অন্যদিকে উপজেলার ২ নম্বর আহম্মদাবাদ ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে লাইসেন্স ছাড়া তেল বিক্রির অভিযোগে অভিযান চালানো হয়। এ ঘটনায় উপজেলার বনগাঁও গ্রামের মিজানুর রহমানের স্ত্রী জ্যোৎস্না আক্তারকে পেট্রোলিয়াম আইন, ২০১৬ অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের বিষয়টি নিশ্চিত করে ইউএনও গালিব চৌধুরী জানান, চুনারুঘাট উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD