কুড়িগ্রামে যৌতুকের জন্য গৃহবধূকে হত্যার অভিযোগ

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কুমেদপুর পাতালীপাড়ায় রুমি বেগম (২২) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে। যৌতুকের দাবিতে নির্যাতন চালিয়ে তাকে হত্যা করা হয়েছে—এমন অভিযোগে নিহতের স্বামীসহ ৫ জনের বিরুদ্ধে কচাকাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় পুলিশ নিহতের স্বামী ও তার দ্বিতীয় স্ত্রীকে আটক করেছে।
বিজ্ঞাপন
নিহত রুমি বেগম কচাকাটার নামাচর এলাকার মো. শুকুর আলীর মেয়ে। প্রায় ৯ বছর আগে একই এলাকার এনামুল হকের সাথে তার বিয়ে হয়। এই দম্পতির সংসারে আরিফা (৫) ও ইয়াছিন হোসেন (৩) নামের দুই সন্তান রয়েছে।
নিহতের পরিবার ও এজাহার সূত্রে জানা যায়, বিয়ের সময় যৌতুক হিসেবে নগদ ১ লাখ ১০ হাজার টাকা ও প্রয়োজনীয় আসবাবপত্র দেওয়া হয়েছিল। তা সত্ত্বেও দীর্ঘদিন ধরে আরও যৌতুকের দাবিতে রুমির ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছিল শ্বশুরবাড়ির লোকজন। স্থানীয়ভাবে কয়েক দফা আপস-মীমাংসা হলেও নির্যাতন থামেনি। এমনকি ঘটনার মাত্র ২০ দিন আগেও নিহতের পরিবার থেকে স্বামী এনামুলকে আরও ৫০ হাজার টাকা দেওয়া হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিযোগ রয়েছে, ঢাকায় অবস্থানকালে গোপনে দ্বিতীয় বিয়ে করেন এনামুল হক। গত ২৩ সেপ্টেম্বর তিনি দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বাড়িতে এলে রুমির সাথে বাকবিতণ্ডা হয়। নিহতের স্বজনদের দাবি, এর জের ধরেই গত ২৬ সেপ্টেম্বর সকাল ৮টার দিকে যৌতুকের দাবিতে রুমিকে মারধর করে হত্যা করা হয়। পরে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে তার মরদেহ ওড়না দিয়ে ঝুলিয়ে রাখা হয়।
বিজ্ঞাপন
আইনগত পদক্ষেপ, খবর পেয়ে কচাকাটা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় নিহতের ভাই মো. মাহিন আহম্মেদ বাদী হয়ে ৫ জনকে আসামি করে কচাকাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন—স্বামী এনামুল হক, ফজল হক (৫৫), রূপভানু (৪৫), আমজাদ হোসেন (৩৫) এবং এনামুলের দ্বিতীয় স্ত্রী।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কচাকাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) অর্পণ কুমার দাস জানান, খবর পাওয়ার সাথে সাথেই পুলিশ সুরতহাল শেষ করে লাশ উদ্ধার করেছে। অভিযুক্ত স্বামী এনামুল হক ও তার দ্বিতীয় স্ত্রীকে ইতিমধ্যে আটক করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।








