গাজীপুরে কাভার্ডভ্যানের চাপায় মা-ছেলে মৃত্যু

গাজীপুর মহানগরের টঙ্গীতে ফুটপাত দিয়ে হাঁটার সময় কাভার্ডভ্যানের চাপায় আয়েশা খাতুন (৪৫) ও তার ছেলে ইয়াছিন (২২) নিহত হয়েছেন। এ ঘটনায় ইয়াছিনের স্ত্রী আরজিনা (১৯) গুরুতর আহত হয়েছেন।
বিজ্ঞাপন
রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে টঙ্গী স্টেশন রোড উড়াল সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার বাদাম মাছিয়া এলাকার চান মিয়ার স্ত্রী ও ছেলে। পরিবার ও পুলিশ জানায়, গ্রামের বাড়িতে একটি বিয়ের অনুষ্ঠান শেষে আজ তারা গাজীপুরের টঙ্গীতে আসেন। আলম এশিয়া পরিবহনের বাস থেকে টঙ্গী স্টেশন রোড এলাকায় নেমে তিনজন ফুটপাত দিয়ে হাঁটছিলেন।
এ সময় দ্রুতগতির একটি কাভার্ডভ্যান তাদের চাপা দেয়। এতে তিনজনই গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে টঙ্গী শহিদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইয়াছিন ও তার মা আয়েশা খাতুনকে মৃত ঘোষণা করেন। তারা টঙ্গীর নিমতলী এলাকার ভাড়া বাসায় থাকতেন।
বিজ্ঞাপন
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুল আলম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় পুলিশ গাড়িটি ও এর চালককে আটক করে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।








