Logo

নেত্রকোনায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, ঢাকা থেকে মূল হোতা গ্রেফতার

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৪৫
নেত্রকোনায় প্রতিবন্ধী নারীকে ধর্ষণ, ঢাকা থেকে মূল হোতা গ্রেফতার
ছবি প্রতিনিধি।

নেত্রকোনার পূর্বধলা উপজেলায় এক বাক ও শ্রবণ প্রতিবন্ধী নারীকে ধর্ষণের পর ঘটনাটি ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ইউপি সদস্যের বিরুদ্ধে। তবে শেষ রক্ষা হয়নি। ভয়ভীতি ও দেনদরবার উপেক্ষা করে ঘটনার ১০ দিন পর মামলা দায়ের হলে বুধবার (৩০ সেপ্টেম্বর) ভোররাতে ঢাকার বিমানবন্দর এলাকা থেকে প্রধান অভিযুক্ত রবিউল আউয়াল রবিনকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

বুধবার দুপুর আড়াইটার দিকে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছেন। গ্রেফতার রবিন পূর্বধলা উপজেলার ৯নং খলিশাউড় ইউনিয়নের চারবারের নির্বাচিত ইউপি সদস্য কামাল উদ্দিন তালুকদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় ব্যাপক রাজনৈতিক ও সামাজিক প্রভাব রয়েছে অভিযুক্তের পরিবারের। গত ১৬ সেপ্টেম্বর ধর্ষণের ঘটনার পর অভিযুক্তের বাবা কামাল মেম্বার রাজনৈতিক প্রভাব খাটিয়ে এবং ভুক্তভোগীর পরিবারকে ভয়ভীতি দেখিয়ে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। এলাকায় একাধিকবার শালিস ও দেনদরবার করে কালক্ষেপণ করা হয়। শেষ পর্যন্ত ন্যায়বিচারের আশায় ঘটনার ১০ দিন পর ২৫ সেপ্টেম্বর ভুক্তভোগীর বাবা বাদী হয়ে পূর্বধলা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী (৩২) নারী জন্ম থেকেই বাক ও শ্রবণ প্রতিবন্ধী। বিবাহ বিচ্ছেদের পর শিশুপুত্রকে নিয়ে তিনি বাবার বাড়িতে থাকতেন। এই সুযোগে অভিযুক্ত রবিন প্রায়ই তাকে কু-প্রস্তাব দিত। গত ১৬ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে ইশারায় ডেকে ওই নারীকে প্রতিবেশী নয়ন মিয়ার ফাঁকা ঘরে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে রবিন। প্রতিবেশী এক নারী এগিয়ে এলে রবিন পালিয়ে যায়। পরে ইশারা-ইঙ্গিতের মাধ্যমে ভুক্তভোগী তার পরিবারকে বিস্তারিত জানান।

বিজ্ঞাপন

অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) হাফিজুল ইসলাম জানান, মামলা রুজু হওয়ার পর পুলিশ সুপার মো. তরিকুল ইসলামের নির্দেশনায় তথ্য-প্রযুক্তির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে উত্তরা এসআরবি-১ ও ডিএমপির বিমানবন্দর থানা পুলিশের সহায়তায় বুধবার রাত আড়াইটার দিকে রবিনকে গ্রেফতার করা হয়।

পুলিশ আরও জানিয়েছে, মামলার সুষ্ঠু তদন্ত ও আইনি প্রক্রিয়া মজবুত করতে আসামির ডিএনএ প্রোফাইলিংয়ের অনুমতি চেয়ে আদালতে পৃথক আবেদন করা হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD