Logo

প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

profile picture
জেলা প্রতিনিধি
ফেনী
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৩০
প্রধানমন্ত্রীর ফেনী সফর ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ১ অক্টোবরের ফেনী সফরকে সামনে রেখে পরশুরাম ও ফুলগাজীতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। সরকারি সফরসূচি অনুযায়ী, দিনব্যাপী সফরে তিনি বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পের পুনর্বাসন কাজের উদ্বোধন, বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ এবং ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন।

বিজ্ঞাপন

সফরের শুরুতে পরশুরামের ঘাটঘর-মুহুরী ব্রিজ এলাকায় ‘মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন (১ম পর্যায়)’ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ সময় স্থানীয়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের কথা রয়েছে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৫৪২ কোটি ১৬ লাখ টাকা।

এরপর ফুলগাজীর বেগম খালেদা জিয়া মহিলা কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন তিনি। পরে ফুলগাজী জেলা পরিষদ ডাকবাংলোয় রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রমের উদ্বোধন করবেন। সেখানে দুপুরের খাবার ও বিশ্রামের পর বিকেলে ফুলগাজী সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠের অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ওই অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণের পাশাপাশি মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী দেওয়ার কর্মসূচি রয়েছে।

ফেনীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আতিকুল্লাহ বলেন, ‘জেলায় মোট পাঁচ হাজার ৬৪৩ জনকে কৃষক কার্ড দেওয়া হবে। তারমধ্যে ১০১২ জন সমাবেশে উপস্থিত থাকার কথা আর ১০ জন প্রধানমন্ত্রীর হাত থেকে কার্ড নেবেন।’

বিজ্ঞাপন

ফেনীর সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. আবুল কাশেম বলেন, ‘ফুলগাজী সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ৫১০ জন অতি দরিদ্র ও দরিদ্র পরিবারের মহিলা প্রধানগণকে ফ্যামিলি কার্ডের জন্য মনোনীত করা হয়েছে। তারা সমাবেশে উপস্থিত থাকার কথা, তাদের মধ্যে ১০জন প্রধানমন্ত্রীর নিকট থেকে কার্ড গ্রহণ করবেন। বাকিদের কার্ডের টাকা তাদের মোবাইল ফোনে চলে যাবে।’

ফেনীর ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. নাজমুস সাকিব বলেন, ‘জেলায় ২৭৫ জন মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপসনালয়ের ব্যক্তিদেরকে মনোনয়ন করা হয়েছে। তাদের মধ্য থেকে ছয়জন ইমাম, মুয়াজ্জিন ও খাদেমকে এবং দুইজন সেবায়েত এবং দুইজন পুরোহিত প্রধানমন্ত্রীর নিকট থেকে সম্মানী গ্রহণ করবেন।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর সফর সামনে রেখে পরশুরাম ও ফুলগাজীতে সভাস্থল, সড়ক ও অন্যান্য অবকাঠামোর প্রস্তুতিমূলক কাজও এগিয়ে চলছে। সাম্প্রতিক প্রতিবেদনে সভাস্থল প্রস্তুত, সড়ক সংস্কার, সৌন্দর্যবর্ধন এবং অনুষ্ঠানস্থলে প্রয়োজনীয় সুবিধা তৈরির কাজ চলার কথা জানানো হয়েছে।

ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থাসহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।’

বিজ্ঞাপন

সরকারি সফরসূচি অনুযায়ী, ১ অক্টোবর বিকেল সাড়ে ৫টার দিকে সড়কপথে ফেনী ত্যাগ করে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা প্রধানমন্ত্রীর। এর আগে ১৭ সেপ্টেম্বর ফেনী সফরের কথা থাকলেও পরে তা স্থগিত করে ১ অক্টোবর নতুন তারিখ নির্ধারণ করা হয়।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD