Logo

খেলাধুলায় তরুণদের মাদকমুক্ত রাখা সম্ভব: বিমানমন্ত্রী মিল্লাত

profile picture
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
৩ অক্টোবর, ২০২৬, ১২:৪৬
খেলাধুলায় তরুণদের মাদকমুক্ত রাখা সম্ভব: বিমানমন্ত্রী মিল্লাত
ছবি: সংগৃহীত

তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বলেছেন, একটি সুন্দর, আনন্দময় ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে খেলাধুলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তরুণদের নিয়মিত খেলাধুলার সঙ্গে যুক্ত করা গেলে তাদের শারীরিক সক্ষমতার পাশাপাশি মননশীলতারও বিকাশ ঘটবে।

বিজ্ঞাপন

শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনাল ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ছেলেমেয়েদের জীবন যেন শুধু স্কুলে যাওয়া এবং ঘরে থাকার মধ্যে সীমাবদ্ধ না থাকে। তাদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় যুক্ত করতে হবে, যাতে তারা মাদকের মতো ক্ষতিকর আসক্তি থেকে দূরে থাকতে পারে এবং ইতিবাচক জীবনের পথে এগিয়ে যেতে পারে।

তিনি বলেন, বাংলাদেশকে এমন একটি দেশ হিসেবে গড়ে তুলতে হবে, যেখানে মাদক, দুঃশাসন, স্বজনপ্রীতি, হিংসা, বিদ্বেষ ও অহংকারের কোনো স্থান থাকবে না। তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করতে খেলাধুলার যে উদ্যোগ নেওয়া হয়েছে, এই আয়োজন তারই প্রতিফলন।

বিজ্ঞাপন

এ সময় বেকার যুবক-যুবতীদেরও খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন মন্ত্রী। পাশাপাশি তাদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে সক্রিয় ও স্বাবলম্বী করে তোলার আহ্বান জানান তিনি। এতে তরুণরা নিজেদের পরিবারের পাশে দাঁড়াতে পারবে এবং পরিবারও তাদের নিয়ে গর্ব করতে পারবে বলে উল্লেখ করেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাদের জনগণের সহযোগিতা নিয়ে একসঙ্গে কাজ করতে হবে। মানুষের সুবিধা-অসুবিধার বিষয়গুলো বিবেচনার পাশাপাশি দেশের উন্নয়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

কোনো অপচেষ্টার মাধ্যমে সরকার পরিচালনা ও সুশাসন প্রতিষ্ঠার উদ্যোগ ব্যাহত করার চেষ্টা হলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করার কথাও বলেন মন্ত্রী। একই সঙ্গে সবাইকে নিয়ে সমৃদ্ধ, স্বনির্ভর ও সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বক্তব্যের শুরুতে জেলা প্রশাসক উইমেন্স গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে অংশ নেওয়া দুই দলের খেলোয়াড়, কর্মকর্তা, আম্পায়ার, রেফারি ও সহকারী রেফারিসহ সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান এম. রশিদুজ্জামান মিল্লাত।

খেলা ধারণ ও প্রচারের জন্য সাংবাদিকদেরও ধন্যবাদ জানান তিনি। খেলাধুলার মাধ্যমে ঐতিহ্যবাহী ময়মনসিংহকে দেশবাসীর সামনে তুলে ধরায় সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন মন্ত্রী।

বিজ্ঞাপন

ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ধোবাউড়া ও রানার্সআপ নান্দাইল দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহের জেলা প্রশাসক মো. সাইফুর রহমান।

ফাইনাল খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। বিশেষ অতিথি ছিলেন মোহাম্মদ জাকির হোসেন এমপি, ডা. মো. মাহাবুবুর রহমান এমপি, ফখর উদ্দিন আহমেদ এমপি, মোহাম্মদ সালমান ওমর এমপি, লুৎফুল্লাহেল মাজেদ এমপি, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।

বিজ্ঞাপন

এ ছাড়া জেলা ক্রীড়া সংস্থার সদস্য এ কে এম মাহবুবুল আলম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য এনামুল হক লিটন আকন্দসহ জেলা ক্রীড়া সংস্থা ও মহিলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD