বোয়িংয়ের পর এবার ১০ এয়ারবাস কিনবে বাংলাদেশ

দেশের বিমানবহর বাড়াতে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার উদ্যোগ নিয়েছে সরকার। আগামী অক্টোবরের মধ্যে এ বিষয়ে ক্রয়চুক্তি চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বিজ্ঞাপন
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিমানমন্ত্রী।
তিনি বলেন, দেশের আকাশপথে যাত্রী ও ফ্লাইটের ক্রমবর্ধমান চাহিদা পূরণ এবং রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই এয়ারবাস কেনার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সম্প্রতি মার্কিন উড়োজাহাজ নির্মাতা বোয়িংয়ের সঙ্গে ২৫টি উড়োজাহাজ সরবরাহের জন্য দীর্ঘমেয়াদি চুক্তি করেছে বাংলাদেশ। চুক্তির আওতায় প্রথম উড়োজাহাজটি ২০৩১ সালে দেশে আসার কথা রয়েছে। এর ধারাবাহিকতায় এবার এয়ারবাসের কাছ থেকেও উড়োজাহাজ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিমানমন্ত্রী জানান, নতুন উড়োজাহাজগুলো হাতে পেতে কয়েক বছর সময় লাগবে। এ সময়ের মধ্যে বহরের সক্ষমতা ধরে রাখতে লিজের মাধ্যমে আরও ১০টি উড়োজাহাজ সংগ্রহের প্রক্রিয়াও চালানো হচ্ছে।
বিজ্ঞাপন
তিনি বলেন, বর্তমানে দেশের বিভিন্ন আন্তর্জাতিক রুটে বিদেশি এয়ারলাইনসগুলোর ফ্লাইট সংখ্যা তুলনামূলক বেশি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সক্ষমতা বাড়ানো গেলে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইটের সংখ্যা বাড়ানো সম্ভব হবে।
আন্তর্জাতিক রুট সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান মন্ত্রী। তিনি বলেন, নিউইয়র্ক রুটে আবার ফ্লাইট চালুর চেষ্টা চলছে। পাশাপাশি সিডনি রুট চালুর পরিকল্পনাও রয়েছে। জাপানে বর্তমানে একটি ফ্লাইট পরিচালিত হচ্ছে এবং সেখানে দ্বিতীয় ফ্লাইট চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এয়ারবাস কেনার ক্ষেত্রে কোনো দেশ বা প্রতিষ্ঠানের পক্ষ থেকে চাপ কিংবা নির্দিষ্ট কোনো শর্ত রয়েছে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, কোনো চাপের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না। দেশের প্রয়োজনেই উড়োজাহাজের সংখ্যা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কোন দেশ বা নির্মাতা প্রতিষ্ঠানের কাছ থেকে কতটি উড়োজাহাজ কেনা হবে, সেটি বাংলাদেশের নিজস্ব সিদ্ধান্ত। দেশের প্রয়োজন এবং এভিয়েশন খাতের স্বার্থ বিবেচনা করেই উড়োজাহাজ সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।








