ক্যাম্প ফায়ারের আলোয় শেষ হলো পঞ্চগড়ের স্কাউট সমাবেশ

আগুনের চারপাশে জড়ো স্কাউট সদস্যরা। কেউ নাচছেন, কেউ গাইছেন গান, আবার কেউ নাটকের মাধ্যমে তুলে ধরছেন প্রকৃতি ও পরিবেশ রক্ষার বার্তা। এমন আনন্দঘন পরিবেশে ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে শেষ হয়েছে পঞ্চগড় সদর উপজেলা ৫ম স্কাউট সমাবেশ।
বিজ্ঞাপন
শনিবার (৩ অক্টোবর) রাত ১০টার দিকে পঞ্চগড়ের ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার কলেজিয়েট ইনস্টিটিউট চত্বরে আয়োজিত ক্যাম্প ফায়ারের মধ্য দিয়ে পাঁচ দিনব্যাপী এ সমাবেশের আনুষ্ঠানিক সমাপ্তি হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্যাম্প ফায়ারের উদ্বোধন করেন পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম ইমাম রাজী টুলু। এতে সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজির।
অনুষ্ঠানে বক্তব্য দেন দিনাজপুর অঞ্চলের লিডার ট্রেইনার দীপক চন্দ্র সরকার, জেলা স্কাউট কমিশনার মো. নাসের বাবুল, পঞ্চগড় জেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, উপজেলা কমিশনার ইয়াসমিন আরা, ক্যাম্প চিফ তাজউদ্দীন এবং উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো. তাহেরুল ইসলাম।
বিজ্ঞাপন
এ সময় পঞ্চগড় জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. কেরামত আলীসহ ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর একই চত্বরে সমাবেশের উদ্বোধন করেন পঞ্চগড় জেলা পরিষদের প্রশাসক এম এ মজিদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সদর উপজেলা স্কাউট সভাপতি ফাহমিদা সুলতানা। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিট লিডার পপি আক্তার।
পাঁচ দিনের এ আয়োজনে ৩৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৪টি দলের ৩৫২ জন স্কাউট সদস্য অংশ নেন। তাঁদের সঙ্গে ছিলেন ৪৪ জন ইউনিট লিডার ও ৩৪ জন প্রতিষ্ঠানপ্রধান।
বিজ্ঞাপন
সমাবেশজুড়ে স্কাউট সদস্যদের জন্য বিভিন্ন চ্যালেঞ্জ ও কার্যক্রমের আয়োজন করা হয়। পাশাপাশি ছিল গ্রামীণ খেলাধুলার নানা পর্ব। এসব আয়োজনে অংশগ্রহণকারীদের মাতিয়ে রাখেন পঞ্চগড় বিদ্রোহী শিশু-কিশোর থিয়েটারের সভাপতি ও নাট্যকার অধ্যাপক মো. আব্দুর রহিম।
সমাপনী ক্যাম্প ফায়ারে অংশ নেওয়া দলগুলো নিজস্ব পরিবেশনা নিয়ে হাজির হয়। পঞ্চগড় বিষ্ণুপ্রসাদ সরকারি উচ্চবিদ্যালয়ের স্কাউট দল পরিবেশন করে জুলু সম্প্রদায়ের নৃত্য। গলেহাহাট ফাযিল মাদরাসার স্কাউট সদস্যরা প্রকৃতি ও পরিবেশবিষয়ক নাটক ‘পশুর বয়ান’ মঞ্চস্থ করেন।
‘কারার ঐ লৌহ কপাট’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করে হাজী ছফির উদ্দীন গার্লস স্কুল অ্যান্ড কলেজের স্কাউটরা। দশ মাইল বালিকা উচ্চবিদ্যালয়ের সদস্যরা পরিবেশন করেন পুতুলনাচ। ‘এক আকাশের তারা’ গানে নৃত্য পরিবেশন করে দেওয়ানহাট উচ্চবিদ্যালয়ের স্কাউট গ্রুপ। নুরুন আলা নুর কামিল মাদরাসার স্কাউট দল পরিবেশন করে হামদ।
বিজ্ঞাপন
সাংস্কৃতিক পর্বের শুরুতে ‘প্রথম বাংলাদেশ, আমার শেষ বাংলাদেশ’ গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন আমলাহার বালিকা উচ্চবিদ্যালয়ের স্কাউট দলের সদস্যরা। বিভিন্ন দলের বৈচিত্র্যময় পরিবেশনায় পুরো সমাবেশস্থল হয়ে ওঠে উৎসবমুখর।








