মাদরাসার নামে ভুয়া রশিদ, চুয়াডাঙ্গায় আটক ৩

চুয়াডাঙ্গার দামুড়হুদায় মাদরাসার নামে ভুয়া রশিদ বই ছাপিয়ে প্রতারণার মাধ্যমে অর্থ আদায়ের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। রবিবার (৪ অক্টোবর) উপজেলার মালিক সুপার মার্কেট এলাকায় তাদের আটক করা হয়।
বিজ্ঞাপন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আটজনের একটি চক্র বেশ কিছুদিন ধরে মাদরাসার নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ সংগ্রহ করছিল। রবিবার মালিক সুপার মার্কেট এলাকায় কয়েকজনকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করে টাকা তুলতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়।
একপর্যায়ে তাদের কাছে থাকা রশিদ বই নিয়ে সন্দেহ দেখা দিলে প্রতারণার বিষয়টি জানাজানি হয়। পরে স্থানীয়রা তাদের ধাওয়া করেন। এ সময় পাঁচজন পালিয়ে গেলেও তিনজনকে স্থানীয়রা আটক করে পুলিশে খবর দেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই তিনজনকে হেফাজতে নেয় এবং থানায় নিয়ে যায়। তাদের কাছ থেকে উদ্ধার করা ভুয়া রশিদ বইয়ে নাজমুল হোসাইন বিপ্লবী নামে এক ব্যক্তির মোবাইল নম্বর পাওয়া গেছে বলে জানা গেছে।
স্থানীয়দের অভিযোগ, চক্রটি দীর্ঘদিন ধরে মাদরাসার নাম ব্যবহার করে একই কৌশলে মানুষের কাছ থেকে অর্থ আদায় করে আসছিল।
দামুড়হুদা থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। একই সঙ্গে পলাতক পাঁচ সদস্যকে আটক করতে অভিযান চালানো হচ্ছে।








