শিবচরে শোভাযাত্রা-আলোচনায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

মাদারীপুরের শিবচরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়েছে। “শিক্ষকদের পাশে: পেশা রক্ষা, এর মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার দিবসটি উপলক্ষে এসব কর্মসূচির আয়োজন করে শিবচর উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা বিভাগ।
বিজ্ঞাপন
সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের আড়িয়াল খাঁ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম ইবনে মিজান।
অনুষ্ঠানে শিবচর রিজিয়া বেগম মহিলা কলেজের উপাধ্যক্ষ স্বপন কুমার রায়, নন্দকুমার মডেল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. হারুনুর রশিদ মিয়া, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মো. ইদ্রিস মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহনেওয়াজ তোতা, সালেহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নান্নু, উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. সাইদুর রহমানসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য শিক্ষকদের পেশাগত মর্যাদা ও অধিকার নিশ্চিত করার পাশাপাশি নিরাপদ ও সম্মানজনক কর্মপরিবেশ তৈরি করা প্রয়োজন।
তারা শিক্ষকদের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর উদ্যোগ নেওয়া এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে শিক্ষক-প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।








