Logo

প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর বিষপান

profile picture
উপজেলা প্রতিনিধি
বরিশাল
৫ অক্টোবর, ২০২৬, ১৬:৫৬
প্রবাসী স্বামীকে ভিডিও কলে রেখে গৃহবধূর বিষপান
ছবি: সংগৃহীত

বরিশালের গৌরনদীতে প্রবাসী স্বামী ও তার পরিবারের সদস্যদের মানসিক নির্যাতনের অভিযোগ তুলে স্বামীকে ভিডিও কলে রেখে বিষপান করেছেন এক গৃহবধূ। আশঙ্কাজনক অবস্থায় তাকে বরিশাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (৫ অক্টোবর) দুপুরে স্বজনরা অ্যাম্বুলেন্সে করে ওই গৃহবধূকে ঢাকার উদ্দেশে নিয়ে যান। এর আগে রোববার দিবাগত রাত ১১টার দিকে বিষপানের পর তাকে প্রথমে আগৈলঝাড়া উপজেলা হাসপাতালে নেওয়া হয়। পরে রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে সোমবার চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান।

ওই গৃহবধূর নাম ঝুমুর খানম সেতু (২৭)। তিনি আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের উত্তর শিহিপাশা গ্রামের আব্দুল করিম খানের মেয়ে। প্রায় সাড়ে পাঁচ বছর আগে গৌরনদী পৌর এলাকার চরগাধাতলী গ্রামের মৃত হারুন কাজীর ছেলে শাহারিয়া কাজী ওরফে শাহাবুদ্দিনের সঙ্গে তার বিয়ে হয়। তাদের চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে।

ঝুমুরের বাবা আব্দুল করিম খানের অভিযোগ, বিয়ের পর থেকেই তার মেয়েকে স্বামী, শাশুড়ি, ননদ ও ননদের স্বামী বিভিন্ন সময় মানসিক নির্যাতন করে আসছেন। বিয়ের সময় পর্যাপ্ত মালামাল না দেওয়া, ৫০০ বরযাত্রী না আনা এবং ঝুমুর দেখতে সুন্দরী নন—এমন নানা বিষয় নিয়ে তাকে দীর্ঘদিন ধরে কথা শুনতে হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

করিম খান জানান, তার জামাতা শাহারিয়া কাজের জন্য কুয়েতে যাওয়ার পরও মেয়ের ওপর মানসিক নির্যাতন বন্ধ হয়নি। বরং পরিবারের সদস্যদের প্ররোচনায় স্বামীও ঝুমুরের ওপর নির্যাতনের মাত্রা বাড়িয়ে দেন বলে অভিযোগ তার। একপর্যায়ে ঝুমুরকে তার মেয়েসহ স্বামীর বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপর থেকে মা-মেয়ে বাবার বাড়িতে থাকছিলেন।

ঘটনার রাতে শাহারিয়া ভিডিও কলে ঝুমুরের সঙ্গে কথা বলেন বলে জানান তার বাবা। এ সময় তাকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং বিষপান করে মারা যেতে বলা হয়—এমন অভিযোগও করেন করিম খান। এরপর পরিবারের সদস্যদের অজান্তে ঝুমুর বিষপান করেন বলে জানান তিনি।

বিজ্ঞাপন

পরে স্বজনরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক বলে পরিবার জানিয়েছে।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ঝুমুরের বাবা।

আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদ খান বলেন, এ ঘটনায় এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

অভিযোগের বিষয়ে শাহারিয়া কাজী শাহাবুদ্দিনের পরিবারের কোনো সদস্য মন্তব্য করতে রাজি হননি।

উল্লেখ্য, গৃহবধূর পরিবারের পক্ষ থেকে করা মানসিক নির্যাতনের অভিযোগের সত্যতা তদন্তের মাধ্যমে নির্ধারিত হবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD