Logo

ঘোড়াঘাটে র‍্যালি-আলোচনায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

profile picture
উপজেলা প্রতিনিধি
ঘোড়াঘাট, দিনাজপুর
৫ অক্টোবর, ২০২৬, ১৭:০৬
ঘোড়াঘাটে র‍্যালি-আলোচনায় বিশ্ব শিক্ষক দিবস পালিত
ছবি: সংগৃহীত

দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও গুণী শিক্ষকদের সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টার দিকে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়।

বিজ্ঞাপন

পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ রুবানা তানজিন।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওছার শেখ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আফজাল হোসেন ও ইন্সট্রাক্টর মো. শাহিদুল ইসলাম।

এ ছাড়া বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি ঘোড়াঘাট উপজেলা শাখার আহ্বায়ক মোস্তাফিজুর রহমান বকুল সরকার, সদস্য সচিব একেএম মনিরুজ্জামান মিঠু সিদ্দিকী, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ঘোড়াঘাট উপজেলা শাখার সভাপতি মো. মশফিকুর রহমান এবং ছয়ঘট্টি দাখিল মাদ্রাসার সুপার মো. আলতাফ হোসেন সরকারসহ শিক্ষক নেতারা।

বিজ্ঞাপন

আলোচনা সভায় বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা ও অধিকার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি শিক্ষার গুণগত মান উন্নয়ন এবং শিক্ষার্থীদের ভালোভাবে গড়ে তুলতে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।

বক্তারা বলেন, একটি মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই শিক্ষকদের যথাযথ মর্যাদা ও প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানে ইতিবাচক পরিবেশ বজায় রাখা প্রয়োজন।

আলোচনা সভা শেষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের গুণী শিক্ষকদের হাতে সম্মাননা স্মারক ও ক্রেস্ট তুলে দেন অতিথিরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD