জরাজীর্ণ সেতু থেকে কাপ্তাই হ্রদে পড়ে স্কুলছাত্রের মৃত্যু

জরাজীর্ণ সেতু পার হতে গিয়ে নিচে পৃড়ে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে রাঙামাটির লংগদুতে মো. রাফি (৬) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলার করল্যাছড়ি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিজ্ঞাপন
নিহত রাফি ওই এলাকার নাছির উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে সেতুটি পার হওয়ার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায় সে।
স্থানীয়রা জানান, করল্যাছড়ি বাজার এলাকার সেতুটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। সেতুটির দুই পাশে কোনো রেলিংও নেই। দুর্ঘটনার সময় স্থানীয় এক ব্যক্তি দূর থেকে শিশুটিকে পানিতে পড়ে যেতে দেখেন। পরে তিনি আশপাশের লোকজনকে খবর দিলে স্থানীয়রা ঘটনাস্থলে জড়ো হয়ে শিশুটিকে উদ্ধারে খোঁজাখুঁজি শুরু করেন।
বেশ কিছুক্ষণ পর গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করা হয়। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ফোরকান বলেন, স্কুলের ছুটি শেষে বাড়ি ফেরার সময় সেতুটি পার হতে গিয়ে রাফি নিচে পড়ে যায়। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সেতুটি চলাচলের অনুপযোগী হয়ে থাকলেও ঝুঁকি নিয়েই এলাকার মানুষ এটি ব্যবহার করছেন। সেতুটির দুই পাশে রেলিং না থাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়েছে।
লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া বলেন, করল্যাছড়ি সেতু থেকে পড়ে এক স্কুলছাত্রের মৃত্যুর খবর পেয়েছি। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








