গাজীপুর হাসপাতালে রোগীর মোবাইল চুরি, আনসারের তৎপরতায় উদ্ধার

গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর শয্যা থেকে চুরি হওয়া প্রায় ৩০ হাজার টাকা মূল্যের একটি মোবাইল ফোন উদ্ধার করেছেন দায়িত্বরত আনসার সদস্যরা। এ ঘটনায় মো. মস্তু মিয়া নামে এক ব্যক্তিকে আটক করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
জানা যায়, দুপুর ২টার দিকে হাসপাতালের অষ্টম তলার সার্জারি ওয়ার্ডে ভর্তি রোগী মো. মোশাররফ হোসেনের শয্যা থেকে মোবাইল ফোনটি চুরি হয়। পরে তিনি তৃতীয় তলায় দায়িত্ব পালনরত আনসার পিসি মো. গোলাম মোস্তফার কাছে এ বিষয়ে অভিযোগ করেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
অভিযোগ পাওয়ার পর গোলাম মোস্তফা ঘটনাস্থলে গিয়ে সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করেন। পাশাপাশি হাসপাতালের বিভিন্ন স্থানের ফুটেজ যাচাই করে অনুসন্ধান শুরু করেন। একপর্যায়ে হাসপাতালের মর্গ এলাকায় মো. মস্তু মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে চুরি হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করা হয়।
উদ্ধার করা মোবাইল ফোনটি ভুক্তভোগী মো. মোশাররফ হোসেনের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে। আটক ব্যক্তিকে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
ভুক্তভোগী মোশাররফ হোসেনের বাড়ি গাজীপুরের কাশিমপুর থানাধীন কোনাবাড়ী এলাকার আমবাগ গ্রামে। হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে দ্রুত পদক্ষেপ নিয়ে চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারের ঘটনায় আনসার সদস্যদের দায়িত্বশীল ভূমিকার বিষয়টি সামনে এসেছে।








