আনসারের অভিযানে মিরপুর বিআরটিএতে দালাল চক্রের ৪ সদস্য আটক

রাজধানীর মিরপুর বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়ে দালাল চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সেবাগ্রহীতাদের গাড়ি-সংক্রান্ত বিভিন্ন কাজ দ্রুত করে দেওয়ার আশ্বাস দিয়ে অবৈধভাবে অর্থ নেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
গত বুধবার (৭ অক্টোবর) দুপুর আনুমানিক ২টার দিকে রাজধানীর কাফরুল থানাধীন মিরপুর বিআরটিএ কার্যালয়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সূত্রে জানা যায়, বিআরটিএ কার্যালয়ে দায়িত্ব পালনরত আনসার সদস্যদের নজরে দালাল চক্রের এক সদস্যের সন্দেহজনক গতিবিধি আসে। বিষয়টি জানার পর বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামানের উপস্থিতিতে দালালবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
গার্ড ইনচার্জ পিসি মো. মফিজ উদ্দিন ও এপিসি আল মিজানের নেতৃত্বে পরিচালিত ওই অভিযানে দালাল চক্রের চার সদস্যকে হাতেনাতে আটক করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
আটক ব্যক্তিরা হলেন—মো. মিরাজ (৩০), সুজন হোসেন (৩৫), মো. হারুন (৩০) ও রাসেল হক (৩১)।
অভিযান শেষে বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুজ্জামান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত দালালি ও অবৈধভাবে অর্থ গ্রহণের অভিযোগে আটক চারজনের প্রত্যেককে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের কাফরুল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিজ্ঞাপন
অভিযানে আনসার সদস্য শাহ ইমরান, পবিত্র সিংহ চন্দ্র, মানিক মিয়া, রোকনুজ্জামান, মতিয়ার ও রাজু আহমেদ দায়িত্ব পালন করেন।
সংশ্লিষ্টরা জানান, সরকারি সেবা নিতে আসা সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি বা দালালের মাধ্যমে আর্থিক ক্ষতির শিকার না হন, সে জন্য বিআরটিএ কার্যালয়ে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। দালালমুক্ত সরকারি সেবা নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের এ ধরনের অভিযান ও সতর্কতামূলক কার্যক্রম ভবিষ্যতেও চলবে।








