মেহেরপুর সীমান্তে ছয়জনকে পুশইনের চেষ্টা

মেহেরপুরের গাংনী উপজেলার রংমহল সীমান্ত দিয়ে চার নারী ও দুই পুরুষসহ ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির বাধায় তারা বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে পারেননি। পরে তাদের সীমান্তের শূন্যরেখায় অবস্থানের কথা জানা যায়।
বিজ্ঞাপন
রবিবার (১১ অক্টোবর) ভোরে সীমান্তের ১৩৭ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে ওই ছয়জনকে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে বিএসএফ।
রংমহল বিজিবি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার বিলাল হোসেন জানান, ভোরের দিকে সীমান্তের ১৩৭ নম্বর পিলারসংলগ্ন এলাকা দিয়ে কয়েকজনকে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করতে দেখা যায়। সে সময় কুয়াশা ছিল। পরে স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় বিজিবির টহল দল তাদের প্রবেশে বাধা দেয়। কোনোভাবেই তাদের বাংলাদেশের ভূখণ্ডে ঢুকতে দেওয়া হয়নি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় বিএসএফের সঙ্গে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সীমান্ত দিয়ে পাঠানোর চেষ্টা করা ছয়জনকে আবার ফিরিয়ে নিতে বিএসএফ বাধ্য হয়।








