অটোরিকশায় গরু নিয়ে পালানোর সময় দুই নারী আটক

চট্টগ্রামের পটিয়ায় সিএনজিচালিত অটোরিকশায় করে গরু চুরির চেষ্টার অভিযোগে দুই নারীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ সময় তাঁদের সঙ্গে থাকা আরও দুজন পালিয়ে যান। ঘটনাস্থল থেকে গরু পরিবহনে ব্যবহৃত একটি অনিবন্ধিত সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।
বিজ্ঞাপন
আটক দুই নারী হলেন পারভিন আক্তার (৪৫) ও শাহানা আক্তার (৪০)। রবিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে পটিয়া থানার ধলঘাট ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
আটক পারভিন আক্তারের বাড়ি কক্সবাজারের কুতুবদিয়ায় এবং শাহানা আক্তারের বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়।
স্থানীয় বাসিন্দা ও গরুর মালিক বিজয় মল্লিক জানান, এক প্রতিবেশীর মাধ্যমে তিনি জানতে পারেন, তাঁর গরু সিএনজিচালিত অটোরিকশায় করে নিয়ে যাওয়া হচ্ছে। খবর পেয়ে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে গরুটি উদ্ধারে ধাওয়া করা হয়। পরে খানমোহনা বেলতল এলাকায় গরুসহ চুরির সন্দেহে দুই ব্যক্তিকে আটক করতে সক্ষম হন তাঁরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
স্থানীয় স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আবু বক্কর বলেন, চোর চক্রের দুই নারী সদস্যকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। এ সময় অটোরিকশার চালকসহ আরও দুজন পালিয়ে যান।
এদিকে ধলঘাট ইউনিয়নের আলমপুর গ্রামের বাসিন্দা কুমকুম দে বলেন, তিন দিন আগে তার তিনটি গরু চুরি হয়েছে। চোর আটকের খবর পেয়ে তিনি ঘটনাস্থলে এসেছেন। আটক নারীরা তার গরু চুরির সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ প্রকাশ করেন তিনি। চুরি হওয়া গরুগুলো ফেরত পাওয়ার দাবি জানান তিনি।
বিজ্ঞাপন
ঘটনাস্থলে থাকা পুলিশের উপপরিদর্শক (এসআই) আল আমিন বলেন, স্থানীয় লোকজনের সহযোগিতায় দুই নারীকে আটক করা হয়েছে। চুরির কাজে ব্যবহৃত সিএনজিচালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। উদ্ধার করা গরুটি মালিকের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে বের করা হবে।








