উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনের আহ্বান বিমান সাহার

শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উপলক্ষে খুলনার পাইকগাছা উপজেলায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিমান সাহা। সোমবার (১৯ অক্টোবর) বিকেল থেকে গভীর রাত পর্যন্ত তিনি মণ্ডপগুলো ঘুরে দেখেন এবং ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
বিজ্ঞাপন
পরিদর্শন কার্যক্রম শুরু হয় উপজেলার কেন্দ্রীয় পূজামণ্ডপ সরল কালিবাড়ী থেকে। এরপর তিনি পৌরসভা কেন্দ্রীয় পূজামণ্ডপ, পাইকগাছা বাজার পূজামণ্ডপ, শিববাটি পূর্বপাড়া পূজামণ্ডপ, শিববাটি সার্বজনীন পূজামণ্ডপ এবং কপিলমুনির কপিলেশ্বরী পূজামণ্ডপ পরিদর্শন করেন।
এ ছাড়া কপিলমুনির পূর্বপাড়া হরিসভা পূজামণ্ডপ, মিলন মন্দির কেন্দ্রীয় পূজামণ্ডপ, সিংহবাড়ী পূজামণ্ডপ, কাশিমনগর সাধুপাড়া পূজামণ্ডপ ও বটতলা পূজামণ্ডপেও যান তিনি। প্রতিটি মণ্ডপে পূজার সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং উপস্থিত ভক্তদের সঙ্গে কুশল বিনিময় করেন।
এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি রতন কুমার মিত্র, সহসভাপতি অধ্যাপক অজিত বিশ্বাস, যুগ্ম সম্পাদক অনিমেষ সরকার রিন্টু, সদস্য জগদীশ চন্দ্র দে ও দেবাশীষ দে। আরও উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক প্রাণকৃষ্ণ দাশ, সদস্যসচিব হিমাদ্রী শেখর দে, পৌর সভাপতি বাবুরাম মণ্ডল, সন্তোষ কুমার মণ্ডল, সাংবাদিক কৃষ্ণ রায়, প্রভাষক রবীন্দ্রনাথ কর্মকার, শিক্ষক কার্তিক চন্দ্র দাশ, দীপংকর মণ্ডল ও গণেশ চন্দ্র দত্ত।
বিজ্ঞাপন
মণ্ডপ পরিদর্শনকালে বিমান সাহা পূজার সার্বিক ব্যবস্থাপনা ও পরিবেশের খোঁজ নেন। পাশাপাশি শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।








