Logo

কুড়িগ্রামের বিলে জেলের জালে ধরা পড়ল ১৪ ফুটের অজগর

profile picture
জেলা প্রতিনিধি
কুড়িগ্রাম
২০ অক্টোবর, ২০২৬, ১২:৪৩
কুড়িগ্রামের বিলে জেলের জালে ধরা পড়ল ১৪ ফুটের অজগর
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাছ ধরার জালে আটকা পড়েছে প্রায় ১৩ থেকে ১৪ ফুট লম্বা একটি বিশাল অজগর সাপ। রোববার দুপুরে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের হক বাজারসংলগ্ন ধরলা নদীর একটি বিল থেকে সাপটি উদ্ধার করা হয়। ঘটনাটি জানাজানি হওয়ার পর সাপটি দেখতে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, শিমুলবাড়ী ইউনিয়নের কুদ্দুস মিয়ার ছেলে আব্দুস সোবহান ধরলা নদীসংলগ্ন বিলে নিয়মিত ‘চায়না দুয়ারি’ রিং জাল দিয়ে মাছ শিকার করেন। রোববার দুপুরে বিল থেকে জাল তুলতে গিয়ে তিনি জালের ভেতরে বিশাল আকৃতির অজগরটি দেখতে পান। পরে আশপাশের কয়েকজন জেলের সহায়তায় সতর্কতার সঙ্গে জালসহ সাপটিকে বাড়িতে নিয়ে আসা হয়।

অজগর আটকা পড়ার খবর ছড়িয়ে পড়তেই সাপটি একনজর দেখতে ওই জেলের বাড়িতে ভিড় করেন শত শত নারী-পুরুষ। এ সময় অজগরটির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা জগবন্ধু রায় ও বাবুল শেখ জানান, সাপটির দৈর্ঘ্য আনুমানিক ১৩ থেকে ১৪ ফুট। যে বিলে অজগরটি ধরা পড়েছে, সেখান থেকে উত্তর-পশ্চিম দিকে মাত্র তিন থেকে চার কিলোমিটার দূরে ভারতের গিদালদহ সীমান্ত। এ কারণে স্থানীয়দের ধারণা, সাপটি নদীপথে ভারত থেকে বাংলাদেশে চলে আসতে পারে। তবে এর উৎস সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শরিফুল আলম মিয়া সোহেল জানান, জেলের জালে ধরা পড়া অজগরটি দেখতে বিপুলসংখ্যক মানুষ ভিড় করছেন। সাপটিকে নিরাপদ স্থানে অবমুক্ত করা অথবা বন বিভাগের কাছে হস্তান্তরের ব্যবস্থা নিতে উপজেলা প্রশাসনকে ইতোমধ্যে জানানো হয়েছে।

সংশ্লিষ্টদের উদ্যোগের অপেক্ষায় রয়েছেন স্থানীয়রা। বন্য প্রাণীটির নিরাপত্তা নিশ্চিত করতে এবং মানুষের সম্ভাব্য ঝুঁকি এড়াতে দ্রুত যথাযথ ব্যবস্থা নেওয়ার প্রত্যাশা তাঁদের।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD