Logo

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ৩০

profile picture
জেলা প্রতিনিধি
নাটোর
২০ অক্টোবর, ২০২৬, ১২:১৬
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৪, আহত অন্তত ৩০
ছবি: সংগৃহীত

নাটোরের বড়াইগ্রামে যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে দাঁড়িয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সরকারপাড়া এলাকায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরও পাঁচজন।

বিজ্ঞাপন

দুর্ঘটনায় আহত ও নিহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। আহতদের মধ্যে আটজনকে রামেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় অন্তত ৩০ জন যাত্রী আহত হয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম। তিনি জানান, নিহতদের মরদেহ নাটোর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

দুর্ঘটনার পরপরই হতাহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

পুলিশ জানায়, বরিশালের বরগুনা থেকে রাজশাহীগামী আরপি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ভোরে বড়াইগ্রাম এলাকায় পৌঁছালে পাবনাগামী বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের যাত্রীরা হতাহত হন। সংঘর্ষের পর ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও পাঁচজন মারা যান।

দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন বড়াইগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা জান্নাতুল ফেরদৌস। দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে তিনি বলেন, ভোরের দিকে চালক ঘুমন্ত অবস্থায় গাড়ি চালিয়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। অনেকেই গুরুতর আহত হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে। আহত ও নিহত ব্যক্তিদের পরিচয় শনাক্তে প্রশাসন কাজ করছে।

বিজ্ঞাপন

এদিকে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। নিহতদের পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে যারা নিহত হয়েছেন তাদেরকে আর্থিক সহায়তা দেওয়ার জন্য চেষ্টা করব।’

মহাসড়কটিতে নিয়মিত দুর্ঘটনার ঘটনা উল্লেখ করে তিনি জানান, দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে সরকারের দায়িত্বশীল সংসদ সদস্য ও মন্ত্রীদের সঙ্গে আলোচনা করবেন। সড়ক দুর্ঘটনা প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD