নেছারাবাদের ১০২ পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলার ১০২টি পূজামণ্ডপের প্রতিনিধিদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক অনুদান ও উপহারসামগ্রী বিতরণ করা হয়েছে। দুর্গোৎসবের আয়োজনকে আরও আনন্দমুখর করে তোলা এবং সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ সহায়তা দেওয়া হয়।
বিজ্ঞাপন
এ উপলক্ষে আজ বিকেল ৩টায় নেছারাবাদ উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক আহমেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মঞ্জুর সুমন বলেন, বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে নেছারাবাদ উপজেলার ১০২টি পূজামণ্ডপে আর্থিক অনুদান ও উপহারসামগ্রী প্রদান করা হয়েছে। দুর্গাপূজার আনন্দ শুধু সনাতন ধর্মাবলম্বীদের নয়, এ আনন্দ আমাদের সবার। এ দেশ আমাদের সবার, আর এ দেশের প্রতিটি নাগরিকের সমান অধিকার ও মর্যাদা রয়েছে।
তিনি আরও বলেন, আপনারা যারা সনাতন ধর্মাবলম্বী রয়েছেন, আপনারা এ দেশের নাগরিক। বিগত নির্বাচনে ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে আমাকে ভোট দেওয়ায় আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আগামী দিনেও আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
দুর্গাপূজার তাৎপর্য তুলে ধরে প্রতিমন্ত্রী সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ, নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান, পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. ফখরুল আলম, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব আলহাজ আবদুল্লাহ আল বেরুনী সৈকত, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নাসির তালুকদার, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান মানিক, স্বরূপকাঠি পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি শফিকুল ইসলাম ফরিদ, পৌর বিএনপির সভাপতি আলহাজ কাজী কামাল, সাধারণ সম্পাদক মো. মাইনুল হাসান এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান।
বিজ্ঞাপন
এ ছাড়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপজেলার ১০২টি পূজামণ্ডপের প্রতিনিধিদের হাতে আর্থিক অনুদান ও উপহারসামগ্রী তুলে দেওয়া হয়। আয়োজক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করেন, এই সহায়তা মণ্ডপগুলোতে দুর্গাপূজার আয়োজন আরও সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর করতে সহায়ক হবে।








