Logo

‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য সুখবর দিলেন কাজল আরেফিন অমি

profile picture
বিনোদন প্রতিবেদক
১৯ অক্টোবর, ২০২৬, ২২:০০
‘ব্যাচেলর পয়েন্ট’ ভক্তদের জন্য সুখবর দিলেন কাজল আরেফিন অমি
ছবি: সংগৃহীত

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এর ভক্তদের জন্য সুখবর দিয়েছেন নির্মাতা কাজল আরেফিন অমি। শারদীয় দুর্গাপূজার ছুটি উপলক্ষে নির্ধারিত সময়ের দুই দিন আগেই প্রকাশ পাচ্ছে সিরিজটির পঞ্চম সিজনের নতুন পর্ব। মঙ্গলবার (২০ অক্টোবর) বঙ্গ প্ল্যাটফর্মে দেখা যাবে চ্যাপ্টার-১৬।

বিজ্ঞাপন

সাধারণত প্রতি বৃহস্পতিবার প্রকাশিত হয় ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর নতুন চ্যাপ্টার। তবে এবার ছুটির শুরুতেই দর্শকদের জন্য বিশেষ চমক নিয়ে আসছেন নির্মাতা অমি। সোমবার ফেসবুকে এক পোস্টে নতুন পর্ব প্রকাশের তারিখ নিশ্চিত করেন তিনি।

পোস্টে কাজল আরেফিন অমি লিখেছেন, ‘২০ তারিখ থেকে ছুটি শুরু। তাই এদিনই রিলিজ হবে ব্যাচেলর পয়েন্ট চ্যাপ্টার-১৬ বঙ্গতে। সবাই রেডি তো?’

নির্মাতার ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে উচ্ছ্বাস প্রকাশ করছেন সিরিজটির ভক্তরা। নতুন পর্বে পাশা ভাই, ইংলিশ লেবু, কাবিলা, নেহাল, আরেফিন, জাকির, বাচ্চু স্যার ও মতলবকে ঘিরে কী ঘটতে যাচ্ছে, তা নিয়ে চলছে নানা জল্পনা।

বিজ্ঞাপন

নতুন চ্যাপ্টারে কী থাকছে, জানতে চাইলে ক্ষুদেবার্তায় নির্মাতা অমি বলেন, ‘অ্যাকশন, অ্যাকশন, অ্যাকশন। ভরপুর অ্যাকশন থাকবে এবার।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

শহুরে ব্যাচেলরদের দৈনন্দিন জীবন, বন্ধুত্ব, প্রেম, হাসি-কান্না ও বিচিত্র সব ঘটনা নিয়ে নির্মিত ‘ব্যাচেলর পয়েন্ট’ শুরু থেকেই দর্শকদের মধ্যে জনপ্রিয়তা পেয়েছে। সেই ধারাবাহিকতায় পঞ্চম সিজনেও প্রতিটি নতুন পর্ব ঘিরে তৈরি হচ্ছে বাড়তি আগ্রহ। সিরিজটির সংলাপ ও চরিত্রগুলোর কর্মকাণ্ড নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত আলোচনা হয়।

ধারাবাহিকটির জনপ্রিয় চরিত্রগুলোতে অভিনয় করছেন মারজুক রাসেল, চাষী আলম, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, শামীম হাসান সরকার, পাভেল, ইশতিয়াক রোমেল ও জাফরুল আবেদিন। এ ছাড়া অভিনয় করছেন অর্চিতা স্পর্শিয়া, মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, শামীমা নাজনীন, মুসাফির সৈয়দ বাচ্চু ও মালু দেওয়ানসহ অনেকে।

বিজ্ঞাপন

কাজল আরেফিন অমির পরিচালনা ও প্রযোজনায় নির্মিত ধারাবাহিকটি বঙ্গ প্ল্যাটফর্মের পাশাপাশি চ্যানেল আই এবং বুম ফিল্মসের ইউটিউব চ্যানেলেও প্রচারিত হচ্ছে। এবার নতুন পর্বে ‘ভরপুর অ্যাকশন’-এর প্রতিশ্রুতি দর্শকদের প্রত্যাশা আরও বাড়িয়ে দিয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD