ভাঙাচোরা ইটের রাস্তায় দুর্ভোগে তিন গ্রামের দুই হাজার মানুষ

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়নে টেকপার থেকে নানু মুন্সির কান্দি পর্যন্ত যাওয়ার একমাত্র ইটের রাস্তাটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তার ইট উঠে বিভিন্ন স্থানে খানাখন্দের সৃষ্টি হওয়ায় প্রতিদিন দুর্ভোগ পোহাচ্ছেন তিন গ্রামের প্রায় দুই হাজার মানুষ।
বিজ্ঞাপন
বিশেষ করে অসুস্থ রোগী, বয়স্ক ব্যক্তি ও শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তি বেড়েছে। দ্রুত রাস্তাটি সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় সূত্রে জানা যায়, টেকপার থেকে নানু মুন্সির কান্দি পর্যন্ত বিস্তৃত এই ইটের রাস্তা এলাকার মানুষের যাতায়াতের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। তিন গ্রামের বাসিন্দারা প্রতিদিন বিভিন্ন প্রয়োজনে রাস্তাটি ব্যবহার করেন। তবে দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিভিন্ন স্থানের ইট উঠে গেছে। কোথাও কোথাও তৈরি হয়েছে বড় বড় খানাখন্দ। এতে ভ্যানসহ ছোট যানবাহন চলাচলে বাধার সৃষ্টি হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, রাস্তার বিভিন্ন অংশ ভাঙাচোরা থাকায় স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। ভ্যান ও অন্যান্য ছোট যানবাহনের চালকদের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। এতে চালকদের পাশাপাশি যাত্রীদেরও ভোগান্তি বাড়ছে। জরুরি প্রয়োজনে অসুস্থ রোগীকে হাসপাতালে নেওয়ার ক্ষেত্রেও সমস্যায় পড়ছেন স্বজনেরা।
বিজ্ঞাপন
স্থানীয় ভ্যানচালক মোজাম্মেল বলেন, এই রাস্তা দিয়ে প্রতিদিন যাত্রী নিয়ে চলাচল করতে হয়। কিন্তু রাস্তা ভাঙা থাকায় ভ্যান চালাতে অনেক কষ্ট হয়। কোথাও কোথাও খুব সাবধানে চলতে হয়, না হলে দুর্ঘটনা ঘটতে পারে। রাস্তা ভালো হলে আমাদেরও সুবিধা হতো, যাত্রীদেরও কষ্ট কমত।
এলাকার বাসিন্দা দাদন সরদার বলেন, এই রাস্তা আমাদের যাতায়াতের একমাত্র ভরসা। দীর্ঘদিন ধরে রাস্তাটি খারাপ থাকায় প্রতিদিনই দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে বাড়িতে কেউ অসুস্থ হলে তাঁকে হাসপাতালে নেওয়ার সময় সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়। আমরা চাই, দ্রুত রাস্তাটি সংস্কার করা হোক।
আরেক বাসিন্দা আলী আরচব বলেন, তিন গ্রামের প্রায় দুই হাজার মানুষ এই রাস্তার ওপর নির্ভরশীল। দীর্ঘদিন ধরে রাস্তাটি ভাঙাচোরা থাকায় চলাচলে কষ্ট হচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের দাবি, মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে দ্রুত রাস্তাটি মেরামতের ব্যবস্থা করা হোক।
বিজ্ঞাপন
স্থানীয়দের ভাষ্য, রাস্তাটির বেহাল অবস্থার কারণে দৈনন্দিন যাতায়াতের পাশাপাশি জরুরি চিকিৎসাসেবা গ্রহণ, শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া এবং নিত্যপ্রয়োজনীয় কাজেও ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তাটি সংস্কার করা হলে তিন গ্রামের মানুষের চলাচল সহজ হবে এবং জরুরি প্রয়োজনে যাতায়াতেও স্বস্তি ফিরবে বলে আশা করছেন তাঁরা।
দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, জনদুর্ভোগের বিষয়টি বিবেচনায় নিয়ে দ্রুত রাস্তাটি সংস্কারে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।








