ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে নিরাপত্তায় মাঠে নামছে বিজিবি

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতে ২১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। নির্বাচনী এলাকায় সাড়ে চার শতাধিক বিজিবি সদস্য দায়িত্ব পালন করবেন।
বিজ্ঞাপন
সোমবার (২৬ অক্টোবর) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার অপরাজয়-৭১ এলাকায় চেকপোস্ট স্থাপন করে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালায় বিজিবি। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা জোরদার এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় এ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।
এদিন আয়োজিত সংবাদ সম্মেলনে বিজিবির ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল সুরুজ মিয়া জানান, ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকার তিনটি উপজেলার ২২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় মোট ২১ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এসব সদস্য মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিনি বলেন, ভোটাররা যাতে নিরাপদ পরিবেশে নির্বিঘ্নে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, তা নিশ্চিত করাই বিজিবির মূল লক্ষ্য। এ জন্য অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করবেন বিজিবি সদস্যরা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
নির্বাচনে বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি তৈরি করতে পারে—এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে ঠাকুরগাঁও-৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল খ. আখলাকুর রহমান, সহকারী অধিনায়ক শিহাব উদ্দিনসহ বাহিনীর অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনে আগামী ২৯ অক্টোবর উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এ নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামীসহ মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটের আগে নিরাপত্তা জোরদারে বিজিবি মোতায়েনকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।








