Logo

দুর্গাপুরে বসতঘরে মজুত লাখ টাকার পণ্য, আটক ১

profile picture
জেলা প্রতিনিধি
নেত্রকোণা
৩১ অক্টোবর, ২০২৬, ১৬:০৪
দুর্গাপুরে বসতঘরে মজুত লাখ টাকার পণ্য, আটক ১
ছবি: সংগৃহীত

নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার একটি বসতঘরে অভিযান চালিয়ে এক লাখ ১৭ হাজার ৩০০ টাকা মূল্যের প্রসাধনী ও খাদ্যসামগ্রী জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় প্রিয়ম সাহা নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের দেশওয়ালি পাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গাপুর থানা পুলিশের একটি দল ওই এলাকার একটি বসতঘরে তল্লাশি চালায়। এ সময় বাড়ির উত্তর পাশের একটি কক্ষ থেকে মজুত করা বিপুল পরিমাণ ফুচকা, সাবান, অলিভ অয়েল ও জিরা উদ্ধার করা হয়। আবাসিক এলাকায় এত পরিমাণ বাণিজ্যিক পণ্য মজুতের ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পুলিশের দেওয়া হিসাব অনুযায়ী, জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৫০০ কেজি ফুচকা, যার আনুমানিক মূল্য ৫০ হাজার টাকা; ১ হাজার ৮০০ পিস হারমনি সাবান, মূল্য ৩৬ হাজার টাকা; ১০০ মিলিলিটারের ১৯০ বোতল অলিভ অয়েল, মূল্য ১৭ হাজার ১০০ টাকা; ৩০০ মিলিলিটারের ৪০ বোতল অলিভ অয়েল, মূল্য ৯ হাজার ২০০ টাকা এবং ১০ কেজি জিরা, মূল্য পাঁচ হাজার টাকা। সব মিলিয়ে এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য এক লাখ ১৭ হাজার ৩০০ টাকা।

আটক প্রিয়ম সাহা দেশওয়ালি পাড়া এলাকার প্রদীপ সাহা ও ঝুমুর সাহার ছেলে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বসতঘরে এসব পণ্য কী উদ্দেশ্যে মজুত করা হয়েছিল, সেগুলোর বৈধ উৎস কী এবং এর সঙ্গে চোরাচালান বা অবৈধ মজুতের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

আটক ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত আইনে মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান ওসি।

পুলিশ আরও জানিয়েছে, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ পণ্য মজুত ও বাজারের অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD