ধামরাইয়ে ঘরে তালা দিয়ে বাকপ্রতিবন্ধী যুবকের বসতবাড়িতে আগুন

ঢাকার ধামরাইয়ে সমীরুদ্দীন নামে এক বাকপ্রতিবন্ধী যুবকের বসতবাড়িতে রহস্যজনক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শত্রুতার জেরে ঘরের বাইরে থেকে তালা লাগিয়ে আগুন দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সোমবার (২ নভেম্বর) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে অগ্নিকাণ্ডের বিষয়টি জানান ধামরাই ফায়ার স্টেশনের স্টেশন অফিসার আল আমিন খান। এর আগে রোববার দিবাগত মধ্যরাতে উপজেলার খাতরা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ১২টা ৩৫ মিনিটের দিকে খাতরা দক্ষিণপাড়া এলাকার দুই কক্ষের একটি বসতবাড়িতে আগুন লাগে। খবর পেয়ে ধামরাই ফায়ার স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় রাত ১টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। পরে রাত আড়াইটার দিকে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।
পারিবারিক সূত্র জানায়, সমীরুদ্দীন স্ত্রী ও সন্তান নিয়ে একটি কক্ষে থাকতেন। পাশের কক্ষে থাকতেন তাঁর মা ও বোন। ঘটনার সময় দুই কক্ষের দরজাই বাইরে থেকে তালাবদ্ধ ছিল। প্রথমে সমীরুদ্দীনের মা ও বোনের ঘরে আগুন ছড়িয়ে পড়ে। আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা দ্রুত এগিয়ে আসেন। তাঁরা ঘরের বেড়া ভেঙে মা ও বাকপ্রতিবন্ধী বোনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। পরে সমীরুদ্দীনের ঘরের তালা ভেঙে তাঁকে, তাঁর স্ত্রী ও সন্তানকে বের করে আনেন।
বিজ্ঞাপন
ভুক্তভোগী সমীরুদ্দীন ও তাঁর মা দুজনেই স্পষ্টভাবে কথা বলতে পারেন না; কিছুটা ভাঙা ভাঙা ভাষায় কথা বলেন। তাঁদের অভিযোগ, শত্রুতার কারণে কে বা কারা গভীর রাতে বাইরে থেকে দুই ঘরের দরজায় তালা লাগিয়ে আগুন ধরিয়ে দিয়েছে।
ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আল আমিন খান জানান, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। এটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা তদন্তের পর জানা যাবে। বিষয়টি গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছে ধামরাই থানা পুলিশ। অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান।








