Logo

মিয়ানমারে পাচারের পথে ৭৫০ বস্তা সিমেন্টসহ আটক ১২

profile picture
জেলা প্রতিনিধি
কক্সবাজার
২ নভেম্বর, ২০২৬, ১৬:০২
মিয়ানমারে পাচারের পথে ৭৫০ বস্তা সিমেন্টসহ আটক ১২
ছবি: সংগৃহীত

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ একটি বোট আটক করেছে কোস্ট গার্ড। এ ঘটনায় বোটে থাকা ১২ জনকে আটক করা হয়েছে।

বিজ্ঞাপন

সোমবার (২ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এ অভিযান পরিচালনা করা হয় বলে জানিয়েছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

আটক ব্যক্তিরা হলেন সাতক্ষীরার মো. বাপ্পি (৩১), মো. ওলিউল্লাহ (৪৫), মো. আসাদুজ্জামান (২৬), মো. জাহান আলী (২৩), মো. বায়েজিদ (৩৬), মিরাজুল ইসলাম (৩০), মো. হাসান (৩৪), মিলন (৩১), রবিউল ইসলাম (৪৫) এবং নোয়াখালীর মো. আসিফ (২৩), মো. রাজিব (২৪) ও মো. বাবুল হোসেন (৩৬)।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, সেন্টমার্টিন দ্বীপের উত্তর-পশ্চিম গভীর সমুদ্র এলাকায় অপারেশন সার সুরক্ষায় নিয়োজিত কোস্ট গার্ড জাহাজ ও স্টেশন সেন্টমার্টিনের সমন্বয়ে গোপন তথ্যের ভিত্তিতে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালানো হয়।

বিজ্ঞাপন

অভিযানের সময় সন্দেহজনক একটি বোটকে থামার সংকেত দেওয়া হলে সেটি সংকেত অমান্য করে পালানোর চেষ্টা করে। পরে কোস্ট গার্ডের অভিযানকারী দল ধাওয়া করে গভীর সমুদ্র থেকে বোটটি আটক করতে সক্ষম হয়।

বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে বহন করা ৩৭ হাজার ৫০০ কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক মূল্য ৩ লাখ ৭৫ হাজার টাকা। এ ছাড়া পাচারকাজে ব্যবহৃত বোটটিও জব্দ করা হয়েছে।

জব্দ করা সিমেন্ট, পাচারের কাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD