‘আয়াতুল কুরসি’ খোদাই করা লকেট পরায় কারিনা কাপুরকে আইনি নোটিশ

বলিউড অভিনেত্রী কারিনা কাপুর খানের দীপাবলির সাজ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নতুন বিতর্ক। উৎসবের অনুষ্ঠানে রাজকীয় পোশাক ও ঐতিহাসিক অলংকারে নজর কাড়লেও তার গলায় থাকা সবুজ পান্নার হার নিয়ে আপত্তি তুলেছেন নেটিজেনদের একাংশ। তাদের দাবি, হারটির পান্নায় খোদাই করা রয়েছে ইসলাম ধর্মের পবিত্র আয়াত ‘আয়াতুল কুরসি’।
বিজ্ঞাপন
ধর্মীয়ভাবে বিশেষ তাৎপর্যপূর্ণ এই আয়াতকে অলংকারের অংশ হিসেবে ব্যবহারের অভিযোগ ঘিরেই বিতর্কের সূত্রপাত। তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো প্রতিক্রিয়া জানাননি কারিনা কাপুর খান।
দীপাবলির অনুষ্ঠানে কারিনার পরনে ছিল ফ্যাশন ডিজাইনার পুনীত বালানার তৈরি নিউড-বেইজ রঙের কাফতান। পোশাকের সঙ্গে মাথায় পরেছিলেন একটি পাগড়ি। তাতে যুক্ত ছিল প্রায় ২০০ বছরের পুরোনো একটি ঐতিহাসিক কলগি।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, কলগিটি পতৌদি পরিবারের বংশপরম্পরায় পাওয়া ঐতিহ্যবাহী সম্পদ। কারিনার এই আভিজাত্যপূর্ণ সাজ ভক্তদের পাশাপাশি বলিউডের একাধিক তারকারও প্রশংসা কুড়িয়েছে।
বিজ্ঞাপন
তবে সাজের অন্যান্য উপকরণকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রে চলে আসে তার গলায় থাকা সবুজ পান্নার হার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দাবি অনুযায়ী, প্রায় ৩০ ক্যারেটের পান্নাটিতে খোদাই করা রয়েছে ‘আয়াতুল কুরসি’। ইসলাম ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত মর্যাদাপূর্ণ এই আয়াত গয়নায় ব্যবহারের বিষয়টি নিয়ে আপত্তি জানিয়েছেন নেটিজেনদের একটি অংশ।
এদিকে শাহরুখ খানের আসন্ন সিনেমা ‘কিং’-এ বিশেষ চরিত্রে কারিনা কাপুর খানকে দেখা যেতে পারে বলে আলোচনা চলছে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত সিনেমাটিতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, রানি মুখোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাঘব জুয়ালসহ একাধিক তারকা।
তবে মুখ্য চরিত্রে কারিনার পরবর্তী সিনেমা নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।








