পাগলা মসজিদের দানবাক্সে ৫১ বস্তা টাকা, চলছে গণনা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুলে এবার পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। দীর্ঘ ৪ মাস ২৪ দিন পর শনিবার (২১ নভেম্বর) সকালে মসজিদের ১০টি স্থায়ী দানবাক্স ও পাঁচটি অস্থায়ী ট্যাংক খোলা হয়। এসব দানবাক্সে জমা হওয়া বিপুল পরিমাণ অর্থ গণনার কাজ চলছে। গণনা শেষ হলে মোট টাকার পরিমাণ জানা যাবে।
বিজ্ঞাপন
শনিবার সকাল ৭টার দিকে দানবাক্স খোলার কার্যক্রম শুরু হয়। দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এরশাদুল আহমেদের তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ ব্যবস্থাপনা কমিটির সভাপতি সোহানা নাসরিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
টাকা গণনার কাজে অংশ নিয়েছেন মসজিদসংলগ্ন মাদ্রাসার ৯০ জন শিক্ষার্থী, আল-জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার ৩০০ জন শিক্ষার্থী, মসজিদের ৩৫ জন কর্মচারী এবং রূপালী ব্যাংকের ১৫০ জন কর্মকর্তা-কর্মচারী। তাঁদের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও গণনার কাজে সহযোগিতা করছেন।
কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান জানান, দানবাক্সের অর্থ গণনার পুরো প্রক্রিয়া নিরাপদ ও সুশৃঙ্খল রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শতাধিক কর্মকর্তা ও সদস্য দায়িত্ব পালন করছেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, পাগলা মসজিদে দান করা অর্থ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় সহায়তা প্রদানের পাশাপাশি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত অসহায় মানুষ এবং দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের কল্যাণে ব্যয় করা হয়। এ ছাড়া মসজিদকে কেন্দ্র করে একটি আধুনিক ও বৃহৎ মসজিদ কমপ্লেক্স নির্মাণের প্রকল্পও হাতে নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে চলতি বছরের ২৮ জুন পাগলা মসজিদের ১৩টি দানবাক্স খোলা হয়েছিল। সেদিন পাওয়া যায় ৪৩ বস্তা টাকা। গণনা শেষে ওই দফায় মোট ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া যায়। এর পাশাপাশি বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা, স্বর্ণ ও রুপাও পাওয়া গিয়েছিল।
বিজ্ঞাপন
প্রতি দফায় দানবাক্স খোলার সময় বিপুল পরিমাণ অর্থ পাওয়া যাওয়ায় দেশজুড়ে আলোচনায় থাকে কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ। এবার ৫১ বস্তা টাকা পাওয়ার খবরেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে। গণনা শেষে মোট কত টাকা পাওয়া যায়, তা জানতে অপেক্ষা করছেন সবাই।








