গ্রেফতারের পর আওয়ামী লীগ নেতা সাইজুদ্দিনের বাড়িতে আগুন

গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সাইজুদ্দিন মোল্লার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। এতে বাড়ির একটি কক্ষের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
বিজ্ঞাপন
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে আগুন দেখতে পেয়ে স্থানীয় বাসিন্দারা প্রথমে তা নেভানোর চেষ্টা করেন। পরে খবর পেয়ে কাশিমপুরের ডিবিএল মিনি ফায়ার সার্ভিস স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় সকাল সোয়া ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
পরিবারের সদস্যদের ধারণা, দুর্বৃত্তরা বাড়ির উত্তর পাশ দিয়ে প্রবেশ করে একটি জানালা ভেঙে কক্ষে ঢোকে। এরপর সেখানে আগুন ধরিয়ে দেয়। আগুনে ওই কক্ষের খাট, কাঁথা, বালিশসহ অন্যান্য আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদ্ঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।
কাশিমপুরের ডিবিএল মিনি ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইন্সপেক্টর আরিফুল হক জানান, প্রাথমিক তদন্তে আগুন লাগার পেছনে বৈদ্যুতিক শর্টসার্কিটের কোনো আলামত পাওয়া যায়নি। বাড়ির উত্তর পাশের নিচতলার একটি জানালার লক ভাঙা অবস্থায় পাওয়া গেছে।
তিনি বলেন, ধারণা করা হচ্ছে, জানালার লক ভেঙে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে আগুন লাগিয়ে থাকতে পারে। প্রায় পৌনে এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি।
উল্লেখ্য, শুক্রবার গাজীপুর সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা সাইজুদ্দিন মোল্লাকে গ্রেফতার করে পুলিশ। এর পরদিন শনিবার সকালে তার বাড়িতে আগুন লাগার ঘটনা ঘটে। তবে অগ্নিকাণ্ডের পেছনে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।








