মঠবাড়িয়া বাসস্ট্যান্ডে গভীর রাতে পার্কিং করা বাসে আগুন

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন মঠবাড়িয়া-পিরোজপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির পেছনের অংশ ও কয়েকটি আসন পুড়ে গেছে। ক্ষতিগ্রস্ত বাসটির নাম আরাফাত পরিবহন। এর নিবন্ধন নম্বর খুলনা-ব-১১৫।
বিজ্ঞাপন
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসটি বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা ছিল। একপর্যায়ে অন্য একটি বাসের হেলপাররা আরাফাত পরিবহনের পেছনের দিকের আসনে আগুন জ্বলতে দেখতে পান। তাঁরা দ্রুত ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, রাত সাড়ে ১২টার দিকে বাসে আগুন লাগার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি এবং থানা-পুলিশের সদস্যরা। এ সময় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরাও সেখানে উপস্থিত ছিলেন।
ইউএনও আতাউর রাব্বি বলেন, কে বা কারা বাসটিতে আগুন লাগিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।
বাসটিতে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এর পেছনে কারা জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।








