Logo

ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির সুবর্ণজয়ন্তী উদযাপন, মিলনমেলায় মাতলেন সবাই

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
ময়মনসিংহ
২৮ নভেম্বর, ২০২৬, ১৮:০৬
ঢাকায় ফুলবাড়ীয়া সমিতির সুবর্ণজয়ন্তী উদযাপন, মিলনমেলায় মাতলেন সবাই
ছবি: সংগৃহীত

ঐক্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও মানবিকতার বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যয়ে রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়েছে ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সমিতি ঢাকার সুবর্ণজয়ন্তী ও মেজবান অনুষ্ঠান। সংগঠনটির ৫০ বছরের গৌরবময় পথচলা উদযাপন উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকায় বসবাসরত ফুলবাড়ীয়ার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। দীর্ঘদিনের সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং জন্মভূমির প্রতি ভালোবাসার আবহে অনুষ্ঠানটি পরিণত হয় এক মিলনমেলায়।

বিজ্ঞাপন

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর রাজধানীর ৭০/১ এলিফ্যান্ট রোডে সমিতির অস্থায়ী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) সমিতি ঢাকার সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহাম্মদ আলী কিবরিয়া।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ মোহাম্মদ সিরাজুল ইসলাম বলেন, ফুলবাড়ীয়া সমিতি ঢাকা শুধু একটি সংগঠন নয়, এটি আমাদের সবার ভালোবাসা, আবেগ ও শেকড়ের বন্ধন। আমরা যারা ঢাকায় বসবাস করি, প্রত্যেকেই এই সমিতির অংশীদার। আমাদের মধ্যে যে ঐক্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ রয়েছে, তা অটুট রাখতে হবে। ফুলবাড়ীয়ার মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানোই হবে আমাদের মূল লক্ষ্য।

তিনি ফুলবাড়ীয়ার মানুষের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক বজায় রাখার আহ্বান জানান।

সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আহাম্মদ আলী কিবরিয়া বলেন, আজকের এই সুবর্ণজয়ন্তী আমাদের জন্য গৌরব ও আনন্দের দিন। দীর্ঘ ৫০ বছরের এই পথচলায় যারা শ্রম, মেধা ও ভালোবাসা দিয়ে সমিতিকে এগিয়ে নিয়েছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমাদের মধ্যে মত ও পেশার ভিন্নতা থাকতে পারে, কিন্তু পরিচয় একটাই আমরা ফুলবাড়ীয়ার মানুষ। এই পরিচয় ও ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে।

অনুষ্ঠানে সমিতির উপদেষ্টা অ্যাডভোকেট এম ইউসুফ, প্রফেসর ডক্টর আব্দুল্লাহ আল মামুন, সহসভাপতি নুরুল ইসলাম মাস্টার, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহসভাপতি মশিউর রহমান মামুন, ভিপি আব্দুল মোতালেব হোসেন, অ্যাডভোকেট মোতালেব হোসেন, অ্যাডভোকেট রুহুল আমিন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইমরান নাজি, সাংগঠনিক সম্পাদক মোকাম্মেল হক, মাহরুজ তালাল দাইয়ান, মো. খোরশেদ আলী, আব্দুল কাইয়ুম, ছাত্রবিষয়ক সম্পাদক তসলিম উদ্দিন, আনোয়ার হোসাইন, মনির হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি মাহবুব হাসান ইমন, মুফতি মোশারফ হোসেন, পুলিশ উপপরিদর্শক আব্দুর রব বাহাদুর, ব্যাংকার আহসান হাবিব, মাওলানা খাইরুল বাশার, প্রভাষক ইসরাফিল আলম রাফিল ও প্রভাষক মো. হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

এ ছাড়া সমিতির প্রচার সম্পাদক মো. আজাদ, মোস্তাফিজুর রহমান, তীব্র হোসেন ও আবু সাঈদসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ এবং তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

উল্লেখ্য, ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা কৃষি ও ঐতিহ্যসমৃদ্ধ জনপদ হিসেবে পরিচিত। এখানকার কাঁচা হলুদ ও লাল চিনি বিশেষ খ্যাতি অর্জন করেছে। সুবর্ণজয়ন্তীর এ আয়োজনে অংশগ্রহণকারীরা ফুলবাড়ীয়ার ঐতিহ্য, সংস্কৃতি ও মানুষের সঙ্গে ঢাকায় বসবাসরত এলাকাবাসীর সম্পর্ক আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।

জেবি/আরএক্স
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD