সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদের চাচাতো ভাই গ্রেফতার

রাঙামাটির রাজস্থলী উপজেলা থেকে সাবেক তথ্যমন্ত্রী ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সাবেক সংসদ সদস্য ড. হাছান মাহমুদের চাচাতো ভাই ব্যবসায়ী সাজ্জাদ তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।
বিজ্ঞাপন
শুক্রবার (২৭ নভেম্বর) গভীর রাতে রাজস্থলী বাসস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে শনিবার (২৮ নভেম্বর) সকালে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন রাজস্থলী থানার উপপরিদর্শক (এসআই) নুরজামান।
পুলিশ সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থানের বিষয়ে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার মধ্যরাত থেকে রাজস্থলী বাসস্টেশন এলাকায় অবস্থান নেয় পুলিশ। এ সময় সাজ্জাদ তালুকদারের বিরুদ্ধে রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকার তথ্যের ভিত্তিতে সেখানে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রাজস্থলী থানার উপপরিদর্শক (এসআই) নুরজামান বলেন, রাঙ্গুনিয়া থানায় মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা থাকায় সাজ্জাদ তালুকদারকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে রাঙ্গুনিয়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।








