Logo

বাগেরহাটে বিএনপি-আ. লীগের দফায় দফায় সংঘর্ষ, ফাঁকা গুলি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
বাগেরহাট
২৮ নভেম্বর, ২০২৬, ২১:০৭
বাগেরহাটে বিএনপি-আ. লীগের দফায় দফায় সংঘর্ষ, ফাঁকা গুলি
ছবি: সংগৃহীত

বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। সংঘর্ষকে কেন্দ্র করে মোল্লাহাট সেতু ও আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বিজ্ঞাপন

শনিবার (২৮ নভেম্বর) রাতে মোল্লাহাট উপজেলা টোল প্লাজাসংলগ্ন সেতুর ওপর এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় সমাবেশ করেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে সন্ধ্যায় মশাল মিছিল নিয়ে মোল্লাহাটের দিকে আসেন উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় মোল্লাহাট সেতুর বাগেরহাট প্রান্তে অবস্থান নেন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

একপর্যায়ে আওয়ামী লীগের নেতা-কর্মীরা মশাল মিছিল নিয়ে সেতুর গোপালগঞ্জ প্রান্তে পৌঁছালে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা পাল্টাপাল্টি ধাওয়ায় রূপ নেয়। এসময় উভয়পক্ষ একে অপরকে লক্ষ্য করে বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। তবে তাৎক্ষণিকভাবে আহতদের সংখ্যা ও পরিচয় জানা যায়নি।

সংঘর্ষের খবর পেয়ে পুলিশ, বিজিবি, আনসার ও এসআরবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেন। একপর্যায়ে পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়েন।

বাগেরহাটের পুলিশ সুপার (এসপি) মো. জামিরুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। দুই পক্ষ সরে গিয়েছে। পুলিশ মোতায়েন করা রয়েছে।’

জেবি/এসডি
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD