ফের খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ

নিরাপত্তার কারণে আবারও পদ্মা সেতু হয়ে খুলনা-ঢাকা রুটে বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৫টা থেকে অধিকাংশ পরিবহন মালিক এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে বিকল্প পথে যশোর-মাগুরা হয়ে ঢাকায় বাস চলাচল করবে বলে জানিয়েছে খুলনা মোটর শ্রমিক ইউনিয়ন।
বিজ্ঞাপন
সোহাগ পরিবহনের টিকিট বিক্রেতা মো. আব্দুল হান্নান বলেন, শনিবার সকাল থেকে দুপুর ২টা পর্যন্ত খুলনা থেকে কয়েকটি বাস গোপালগঞ্জ-পদ্মা সেতু হয়ে ঢাকায় গেছে। তবে দুপুরের পর গোপালগঞ্জের সড়কে পর্যাপ্ত নিরাপত্তা না থাকায় এ পথে আর কোনো বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যায়নি।
তিনি আরও বলেন, আমরা গাড়ি ছাড়তে চাইলেও যাত্রীরা যেতে চাইছে না। তবে বিকল্প রুট হিসেবে যশোর-মাগুরার রাস্তা ব্যবহার করা হবে। দুপুরের পর থেকে সকল যাত্রীদের ফোন করে টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে।
টুঙ্গিপাড়া পরিবহনের এক কর্মকর্তা জানান, সন্ধ্যা থেকে সব টিপ বন্ধ রয়েছে। সড়কে নিরাপত্তা না থাকায় ঢাকা-খুলনা রুটের সব গাড়ি বন্ধ রাখা হয়েছে। সড়কে নিরাপত্তা ফিরলে পুনরায় এ রুটে গাড়ি চালু করা হবে।
খুলনা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি জাহিদ খান বলেন, শনিবার বিকেল থেকে গোপালগঞ্জ হয়ে ঢাকাগামী সব বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। রোববার সকাল থেকে বাসগুলো বিকল্প পথে যশোর-মাগুরা সড়ক ব্যবহার করবে। যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।








