Logo

মাগুরা ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন

profile picture
বিশেষ প্রতিবেদক
যশোর
২ মে, ২০২৬, ২২:১৫
মাগুরা ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি প্রশিক্ষণ সম্পন্ন
ছবি: প্রতিনিধি

আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মে) ব্র্যাক লার্নিং সেন্টার যশোরে প্রশিক্ষণের আয়োজন করে মাগুরা ব্র্যাক নার্সারি।

বিজ্ঞাপন

দিনব্যাপী প্রশিক্ষণে মাগুরার শ্রীপুর, ফরিদপুরের মধুখালী ও রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ৫০ জন কৃষক অংশ নেন। প্রশিক্ষক ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার উপপরিচালক কৃষিবিদ তাজুল ইসলাম।

কর্মশালায় হাইব্রিড ও দেশি পেঁপের বৈশিষ্ট্য, উন্নত জাত নির্বাচন, মাটি ও সার ব্যবস্থাপনা, জমি প্রস্তুতি, আগাছা দমন, সেচ ও পানি নিষ্কাশন পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া চারা রোপণের উপযুক্ত সময়, পরিচর্যা, সুষম সার প্রয়োগ এবং ফুল ও ফল ঝরা রোধে করণীয় বিষয়গুলো হাতে-কলমে শেখানো হয়।

এসময় পেঁপের রোগবালাই প্রতিরোধ, আধুনিক প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ কৌশল নিয়েও প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ দিকনির্দেশনা দেওয়া হয়।

বিজ্ঞাপন

শ্রীপুর উপজেলার দেবিনগর গ্রামের কৃষক স্বপ্না বিশ্বাস বলেন, ব্র্যাক নার্সারি উদ্যোগে আজকের এই প্রশিক্ষণে আমরা পোকামাকড় দমনসহ নানা বিষয়ে নতুন নতুন অনেক তথ্য জানতে পেরেছি। যা আমাদের কৃষি কাজে ভালো ফলনে ব্যাপক ভূমিকা রাখবে।

গোবিন্দপুর গ্রামের কৃষক দিপেন্দ্রনাথ বলেন, কাঙ্ক্ষিত ফলন না আসায় আমরা হতাশ হয়ে কৃষি থেকে মুখ ফিরিয়ে নেই। এই প্রশিক্ষণ কর্মশালায় এসে গাছের বিষয়ে কিছু নতুন গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি, যা আমাদের ভবিষ্যতে কৃষিকাজে উপকারে আসবে।

বিজ্ঞাপন

দুর্গাপুর গ্রামের চাষি মো. সাজ্জাদ মোল্লা বলেন, ব্র্যাক নার্সারির এই উদ্যোগ কৃষকদের জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত। এই প্রশিক্ষণের মাধ্যমে আমরা কৃষকরা সঠিক প্রদ্ধতিতে আরো অধিক চাষাবাদে আগ্রহী হবো।

অনুষ্ঠানে ব্র্যাক লার্নিং সেন্টার অপারেশনের সিনিয়র ম্যানেজার (সেলস অ্যান্ড অপারেশন) জহিরুল ইসলাম, মাগুরা ব্র্যাক নার্সারি ম্যানেজার মো. মাজহারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আয়োজকেরা জানান, চাষাবাদে রোগবালাই নিয়ন্ত্রণে সঠিক রাসায়নিক প্রয়োগ আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে টেকসই কৃষি ব্যবস্থা গড়ে তোলাই ব্র্যাক নার্সারির মূল উদ্দেশ্য।

প্রশিক্ষণ কর্মশালা শেষে অংশগ্রহণকারী কৃষকদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

জেবি/এসআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD