Logo

হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন

profile picture
জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও
২১ জুন, ২০২৬, ১৫:২৫
হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন
ছবি: সংগৃহীত

“কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া কমিয়ে ৫ টাকা নির্ধারণের দাবিতে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বিজ্ঞাপন

রবিবার (২১ জুন) সকাল ১১টায় শহরের প্রাণকেন্দ্র চৌরাস্তায় এ মানববন্ধনের আয়োজন করে কৃষি মন্ত্রণালয়ের পার্টনার প্রকল্পের আওতায় গঠিত আলু চাষি ও অংশীজনদের সংগঠন ‘আলুর ভ্যালু চেইন প্রমোশনাল বডি’। পরে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, যৌক্তিক কারণ ছাড়াই গত কয়েক বছরে হিমাগারে আলু সংরক্ষণ ভাড়া কয়েক দফা বৃদ্ধি করা হয়েছে। অথচ কৃষকের উৎপাদিত আলুর দাম সেই অনুপাতে বাড়েনি। এতে চাষিরা আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন।

বিজ্ঞাপন

বক্তারা বলেন, আলু একটি পচনশীল কৃষিপণ্য। সঠিকভাবে সংরক্ষণের জন্য হিমাগারের বিকল্প নেই। কিন্তু এ সুযোগ কাজে লাগিয়ে হিমাগার মালিকরা সংরক্ষণ ভাড়া দফায় দফায় বাড়িয়েছেন।

তারা জানান, ২০২৩ সালে ৬৫ কেজি ওজনের এক বস্তা আলুর সংরক্ষণ ভাড়া ৪০ টাকা বাড়িয়ে ২৮০ টাকা করা হয়। ২০২৪ সালে তা বাড়িয়ে ৩০০ টাকা নির্ধারণ করা হয়। এরপর ২০২৫ সালে কোল্ডস্টোরেজ মালিক অ্যাসোসিয়েশন প্রতি কেজি আলুর সংরক্ষণ ভাড়া ৫ টাকা থেকে বাড়িয়ে ৮ টাকা নির্ধারণ করে। এতে ৬৫ কেজির এক বস্তা আলু সংরক্ষণে ভাড়া ৩০০ টাকা থেকে বেড়ে ৫২০ টাকা হয়েছে।

বিজ্ঞাপন

বক্তারা আরও বলেন, কৃষি বিপণন অধিদপ্তরের কৃষি বিপণন আইন ২০১৮-এর ১৬(খ) ধারার ক্ষমতাবলে ২০২৫ সালের ২ মার্চ প্রতি কেজি আলুর সংরক্ষণ ভাড়া ৬ টাকা ৭৫ পয়সা নির্ধারণ করা হয়। তবে হিমাগারে কৃষকেরা ৬৫ কেজি আলু সংরক্ষণ করায় বিভিন্ন ক্ষেত্রে বেশি ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে।

এ অবস্থায় আলু চাষিদের পক্ষ থেকে হিমাগার পর্যায়ে প্রতি কেজি আলুর সংরক্ষণ ভাড়া ৫ টাকা নির্ধারণের দাবি জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ভ্যালু চেইন প্রমোশনাল বডি ঠাকুরগাঁও সদর উপজেলা সভাপতি লুৎফর রহমান, সাধারণ সম্পাদক এস এম আতাউর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল রহিম, বালিয়াডাঙ্গী উপজেলা সভাপতি আব্দুল সালামসহ জেলার বিভিন্ন এলাকার প্রান্তিক আলু চাষি ও সংগঠনের নেতাকর্মীরা।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD