জমকালো আয়োজনে পিরোজপুরে পুলিশ পরিবারের মিলনমেলা

ঈদের আনন্দ ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুর জেলা পুলিশের উদ্যোগে পুলিশ পরিবার ও সুধীজনদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ‘ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা’।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাসুদ সাঈদী, জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন এবং পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) বরিশাল রেঞ্জের সভানেত্রী উম্মে হাসনাত শাহনাজ।
পিরোজপুরের পুলিশ সুপার মোহাম্মদ মনজুর আহমেদ সিদ্দিকীর সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি ও সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
বিজ্ঞাপন
প্রধান অতিথির বক্তব্যে বরিশাল রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি পরিবার ও সমাজের সঙ্গে আনন্দের মুহূর্ত ভাগ করে নেওয়ার গুরুত্ব রয়েছে।
তিনি বলেন, একটি সুস্থ সমাজ গঠনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার বিকল্প নেই। পুলিশের কর্মব্যস্ত জীবনে মানসিক প্রশান্তির জন্য এ ধরনের বিনোদনমূলক আয়োজন অত্যন্ত জরুরি, যা পুলিশ সদস্যদের কর্মস্পৃহা ও উদ্দীপনা বাড়াতে সহায়তা করে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, বর্তমান সরকারের খেলাধুলাবান্ধব উদ্যোগের ফলে তৃণমূল পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত পুলিশের সক্রিয় অংশগ্রহণ পুলিশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করছে।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে পুলিশ সদস্য ও আমন্ত্রিত শিল্পীরা সংগীত পরিবেশন করেন। পরে নৈশভোজের আয়োজনের মধ্য দিয়ে শেষ হয় এ আনন্দঘন আয়োজন, যা পরিণত হয় পুলিশ পরিবার ও অতিথিদের এক মিলনমেলায়।








