Logo

উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি

profile picture
জেলা প্রতিনিধি
লালমনিরহাট
২১ জুন, ২০২৬, ১৪:৪২
উজানের ঢল ও ভারী বৃষ্টিতে তিস্তার পানি বৃদ্ধি
ছবি: প্রতিনিধি

উজানের ঢল ও ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ৭২ ঘণ্টার মধ্যে তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এতে লালমনিরহাটের তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা দেখা দিয়েছে।

বিজ্ঞাপন

লালমনিরহাট জেলার পাঁচটি উপজেলার ওপর দিয়ে তিস্তা নদী প্রবাহিত হওয়ায় সামান্য পানি বৃদ্ধিতেই বিস্তীর্ণ চরাঞ্চল ও নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি থাকে। এরই মধ্যে নদীপাড়ের মানুষের মধ্যে বন্যা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, বন্যা দেখা দিলে তিস্তার চরাঞ্চলে আবাদ করা চিনাবাদামসহ বিভিন্ন ফসল ও বীজতলা ক্ষতিগ্রস্ত হতে পারে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, তিস্তার পানি সমতলে বৃদ্ধি পেয়েছে এবং ডালিয়া ও কাউনিয়া পয়েন্টে সতর্কসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়ে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি হতে পারে।

বিজ্ঞাপন

এদিকে আগামী পাঁচ দিনে দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাত এবং উজানে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এর প্রভাবে তিস্তা অববাহিকায় পানি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, তিস্তার পানি বৃদ্ধি পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। নদীতীরবর্তী এলাকার মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতির অবনতি হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে প্রস্তুত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD