উদ্ভাবনের সুরক্ষায় ডুয়েটে জোরালো বার্তা, মেধাস্বত্ব দিবসে র্যালি-আলোচনা

“আইপি অ্যান্ড স্পোর্টস: রেডি, সেট, ইনোভেট” প্রতিপাদ্যকে সামনে রেখে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়-এ যথাযোগ্য মর্যাদায় বিশ্ব মেধাস্বত্ব দিবস ২০২৬ উদযাপন করা হয়েছে।
বিজ্ঞাপন
বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন-এর সদস্য অধ্যাপক ড. মো. সাইদুর রহমান।
সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, বিশ্বজুড়ে গবেষণা ও উদ্ভাবনের প্রসারের সঙ্গে সঙ্গে মেধাস্বত্বের গুরুত্ব দিন দিন বাড়ছে। উদ্ভাবনের যথাযথ সুরক্ষা নিশ্চিত না হলে গবেষকরা তাদের স্বীকৃতি ও বাণিজ্যিক সম্ভাবনা থেকে বঞ্চিত হতে পারেন। তাই সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনের আইনগত সুরক্ষা নিশ্চিত করতে মেধাস্বত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধি জরুরি।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, মেধাস্বত্ব বিষয়ে সম্যক ধারণা ছাড়া গবেষণার পূর্ণ স্বীকৃতি পাওয়া সম্ভব নয়। এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষক-গবেষকরা আবেদন প্রক্রিয়া, নিবন্ধন ও ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তবধর্মী ধারণা লাভ করতে পারবেন। একইসঙ্গে গবেষণা ও উদ্ভাবনের সংস্কৃতি জোরদার করে ডুয়েটকে দেশ-বিদেশে আরও শক্ত অবস্থানে নেওয়ার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ডুয়েট আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে মেধাস্বত্ব সুরক্ষার আইন, নীতিমালা ও প্রক্রিয়া সম্পর্কে জ্ঞান থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ আয়োজন অংশগ্রহণকারীদের জন্য দিকনির্দেশনামূলক হবে বলেও তিনি উল্লেখ করেন।
বিজ্ঞাপন
আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে একটি বর্ণাঢ্য র্যালি ক্যাম্পাস প্রদক্ষিণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।








