Logo

এরা মুলত গুপ্ত ছাত্রী সংস্থার নষ্টা নেত্রী: ছাত্রদল নেতা

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১০ মে, ২০২৬, ১৩:২৭
এরা মুলত গুপ্ত ছাত্রী সংস্থার নষ্টা নেত্রী: ছাত্রদল নেতা
ছবি: সংগৃহীত

রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে আন্দোলনে নামা ইডেন কলেজের শিক্ষার্থীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহসান হাবীব।

বিজ্ঞাপন

রবিবার (১০ মে) সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

ফেসবুক পোস্টে ইডেন কলেজের শিক্ষার্থীদের আন্দোলনের একটি ছবি শেয়ার করে তিনি তাদের ‘গুপ্ত ছাত্রী সংস্থার নষ্টা নেত্রী’ বলে উল্লেখ করেন। একই সঙ্গে পোস্টের ক্যাপশনে আন্দোলনকারী শিক্ষার্থীদের নিয়ে আরও কয়েকটি কটূক্তিমূলক মন্তব্য করেন, যা প্রকাশের পরপরই নেটিজেনদের একাংশের তীব্র সমালোচনার মুখে পড়ে।

বিজ্ঞাপন

পোস্টে তিনি লিখেছেন, ‘এদের ধরে ধরে যদি কাঁচা কোঞ্চি দিয়ে বানানো হতো, তাহলে এরা মধ্যরাতে মব সৃষ্টি করার সাহস পেতো না। এদের দেখে কি মনে হয় এরা সাধারণ শিক্ষার্থী? এরা মুলত গুপ্ত ছাত্রী সংস্থার নষ্টা নেত্রী।’

পোস্টটির মন্তব্যের ঘরে অনেকে এর প্রতিবাদ জানান। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী এ কে আজাদ মন্তব্য করেন, সাধারণ শিক্ষার্থীদের রাজনৈতিক তকমা দেওয়ার প্রবণতা রাজনৈতিক ব্যর্থতার পরিচয় বহন করে। তার মতে, পোশাক বা উপস্থিতির ভিত্তিতে কাউকে কোনো সংগঠনের সঙ্গে যুক্ত বলে দাবি করা অযৌক্তিক।

আরেক ব্যবহারকারী সাহেব আলী লেখেন, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নতুন নতুন শব্দ ব্যবহার করে প্রতিপক্ষকে আক্রমণ করার প্রবণতা বাড়ছে। তিনি মনে করেন, রাজনীতি হওয়া উচিত জনগণ ও শিক্ষার্থীদের কল্যাণকে কেন্দ্র করে, ব্যক্তিগত আক্রমণ বা অপমানকে ঘিরে নয়।

বিজ্ঞাপন

বিতর্কিত পোস্টের বিষয়ে জানতে চাইলে আহসান হাবীব বলেন, রাজনীতি নিষিদ্ধের দাবি যদি প্রকাশ্যে দিনের বেলায় জানানো হতো, তাহলে বিষয়টি ভিন্নভাবে দেখা যেত। মধ্যরাতে আন্দোলন করায় তিনি আন্দোলনকারীদের সাধারণ শিক্ষার্থী হিসেবে মনে করেননি। বর্তমান বাস্তবতায় অধিকাংশ শিক্ষার্থী কোনো না কোনো সংগঠনের সঙ্গে যুক্ত বলেও মন্তব্য করেন তিনি।

আন্দোলনকারী ছাত্রীদের ‘নষ্টা’ বলে সম্বোধনের বিষয়ে ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, মধ্যরাতে এ ধরনের কর্মসূচি আয়োজন ভদ্র সমাজের শিক্ষার্থীদের সঙ্গে মানানসই নয় বলে তিনি মনে করেন। তবে নারী শিক্ষার্থীদের হেয় করার উদ্দেশ্যে মন্তব্য করেননি বলেও দাবি করেন তিনি।

বিজ্ঞাপন

এদিকে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সদস্য সচিব মাসুদ রুমি মিথুন গণমাধ্যমকে বলেন, গুপ্ত রাজনীতির বিরুদ্ধে সংগঠনের অবস্থান রয়েছে। তবে নারী শিক্ষার্থীদের নিয়ে কটূক্তি করাকে ছাত্রদল সমর্থন করে না।

তিনি আরও জানান, আহসান হাবীবের মন্তব্য একান্তই ব্যক্তিগত এবং এটি সংগঠনের আনুষ্ঠানিক বক্তব্য নয়।

ঘটনাটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা অব্যাহত রয়েছে। অনেকেই শিক্ষার্থীদের আন্দোলনের অধিকার এবং নারী শিক্ষার্থীদের প্রতি সম্মানজনক ভাষা ব্যবহারের গুরুত্ব তুলে ধরছেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD