ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে উত্তাল ইডেন কলেজ

রাজধানীর ইডেন মহিলা কলেজ ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে গভীর রাতে বিক্ষোভে নেমেছেন শিক্ষার্থীরা। শনিবার (৯ মে) রাত ১১টার দিকে কলেজের প্রধান ফটকের তালা ভেঙে আন্দোলন শুরু করেন একদল শিক্ষার্থী। এ সময় ক্যাম্পাসজুড়ে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।
বিজ্ঞাপন
শিক্ষার্থীদের অভিযোগ, কলেজে দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব ও বিভিন্ন সংগঠনের কার্যক্রমের কারণে স্বাভাবিক শিক্ষাব্যবস্থা ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতির অবসান ঘটিয়ে একটি সম্পূর্ণ রাজনীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করার দাবিতে তাঁরা আন্দোলনে নামেন।
কলেজের শিক্ষার্থী স্মৃতি আক্তার জানান, রাত ১১টার পর ইডেন কলেজ এবং প্রস্তাবিত হজরত রাবেয়া বসরি ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা একত্র হয়ে বিক্ষোভ শুরু করেন। আন্দোলনের একপর্যায়ে কয়েকটি গেট ভাঙার চেষ্টাও করা হয়। বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন এবং ক্যাম্পাসে সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধের দাবি জানান।
বিজ্ঞাপন
পরে রাত সাড়ে ১২টার দিকে লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াসিন আলী বলেন, শিক্ষার্থীরা রাজনীতিমুক্ত ক্যাম্পাসের দাবিতে কিছু সময় আন্দোলন করেছেন। পরে তাঁরা ক্যাম্পাসের ভেতরে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলেও জানান তিনি।
শিক্ষার্থীদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যার পর কলেজের একটি গেটে লেখা ‘রাজনীতিমুক্ত ক্যাম্পাস’ স্লোগানটি রং দিয়ে মুছে ফেলা হয়। এই ঘটনাকে কেন্দ্র করেই ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং একদল শিক্ষার্থী রাতেই আন্দোলনে অংশ নেন।
বিজ্ঞাপন
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায়, আন্দোলনরত কিছু শিক্ষার্থী ছাত্রদলের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলছেন এবং সেগুলোতে আগুন দেওয়ার চেষ্টা করছেন। ভিডিওগুলো ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
ঘটনার বিষয়ে জানতে কলেজের অধ্যক্ষ হোসনে আরার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি।








