Logo

ঢাবির নতুন ভারপ্রাপ্ত প্রক্টর ইসরাফিল রতন

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১০ মে, ২০২৬, ১৮:৪০
ঢাবির নতুন ভারপ্রাপ্ত প্রক্টর ইসরাফিল রতন
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন চারুকলা অনুষদের শিক্ষক ইসরাফিল রতন। রবিবার (১০ মে) বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুন্সী শামস উদ্দিন আহম্মদের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপাচার্যের অনুমোদনক্রমে ইসরাফিল রতনকে ১০ মে থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রক্টর হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। তিনি প্রচলিত বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন। একইসঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রয়োজন অনুযায়ী যেকোনো সময় এ নিয়োগ বাতিল করা যেতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

বর্তমানে ইসরাফিল রতন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের গ্রাফিক্স ডিজাইন বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি তিনি সহকারী প্রক্টরের দায়িত্বও পালন করে আসছিলেন। প্রশাসনিক অভিজ্ঞতা ও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ততার কারণে তাকে নতুন এই দায়িত্ব দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, প্রক্টরের দায়িত্ব ও কার্যপদ্ধতি সম্পর্কিত বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান অনুসরণ করে দায়িত্ব পালন করতে হবে। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যালেন্ডার পার্ট-২ (১৯৯৭)-এর সংশ্লিষ্ট অধ্যায়ের প্রতি তার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে।

এর আগে একই দিনে দুপুরে প্রক্টর পদ থেকে পদত্যাগ করেন অধ্যাপক সাইফুদ্দীন আহমদ। তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এবিএম ওবায়দুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

বিজ্ঞাপন

পদত্যাগের বিষয়ে অধ্যাপক সাইফুদ্দীন আহমদ জানান, তিনি ব্যক্তিগত কারণেই দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। কোনো ধরনের চাপ বা অন্য কোনো কারণে পদত্যাগ করেননি বলেও তিনি স্পষ্ট করেন।

তিনি বলেন, ব্যক্তিগত কারণেই আমি পদত্যাগ করেছি। এটি সম্পূর্ণ আমার নিজস্ব সিদ্ধান্ত।

উল্লেখ্য, অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের শিক্ষক। গত বছর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে দায়িত্ব গ্রহণের পর ক্যাম্পাসের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার পদত্যাগের পর দ্রুতই প্রশাসন নতুন দায়িত্বশীল হিসেবে ইসরাফিল রতনকে নিয়োগ দিল।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD