Logo

ঢাবির সাবেক দুই প্রক্টরকে ঘিরে বিস্ফোরক অভিযোগ ছাত্রনেতার

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
১১ মে, ২০২৬, ১৯:১৬
ঢাবির সাবেক দুই প্রক্টরকে ঘিরে বিস্ফোরক অভিযোগ ছাত্রনেতার
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সদ্য পদত্যাগ করা প্রক্টর সাইফুদ্দীন আহমেদ এবং সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রনেতা আব্দুল কাদের। তিনি দাবি করেছেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই দুই কর্মকর্তা একটি নির্দিষ্ট রাজনৈতিক পক্ষের হয়ে কাজ করেছেন।

বিজ্ঞাপন

সোমবার (১১ মে) নিজের ফেসবুক পোস্টে এ অভিযোগ উত্থাপন করেন আব্দুল কাদের। পোস্টে সদ্য পদত্যাগ করা প্রক্টর ও সহকারী প্রক্টরের ছবি যুক্ত করে তিনি তাদের দায়িত্ব পালন নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানান।

পোস্টে তিনি উল্লেখ করেন, অভ্যুত্থান-পরবর্তী জটিল পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করে প্রক্টরিয়াল টিম কঠিন সময় পার করেছে। উদ্ভূত পরিস্থিতি সামাল দিতে তারা আন্তরিকভাবে চেষ্টা করেছেন বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য অনুযায়ী, দায়িত্ব পালনের ক্ষেত্রে যেসব সাফল্য এসেছে তা ছিল তাদের নিরলস প্রচেষ্টার ফল, আর ব্যর্থতার পেছনে ছিল অভিজ্ঞতার ঘাটতি।

বিজ্ঞাপন

তবে একইসঙ্গে আব্দুল কাদের অভিযোগ করেন, প্রশাসনিক দায়িত্ব পালনের সময় তারা পেশাদারিত্বের সীমা অতিক্রম করে একটি ছাত্রসংগঠনকে বিশেষ সুবিধা দিয়েছেন। তিনি দাবি করেন, বিভিন্ন ক্ষেত্রে তারা সরাসরি দলীয় এজেন্ডা বাস্তবায়নে ভূমিকা রেখেছেন এবং চাপের মুখে প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতে পারেননি।

তার অভিযোগ, এ ধরনের অবস্থানের কারণে ক্যাম্পাসে ভারসাম্য নষ্ট হয়েছে এবং বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়েছে। এমনকি তিনি ইঙ্গিত দেন, প্রশাসনের কেউ কেউ “পার্টটাইম সহকারী প্রক্টর” হলেও বাস্তবে একটি রাজনৈতিক দলের “ফুলটাইম পেইড এজেন্ট” হিসেবে কাজ করেছেন।

বিজ্ঞাপন

তবে সমালোচনার পাশাপাশি শিক্ষার্থীবান্ধব কিছু উদ্যোগের জন্য সাবেক প্রক্টরিয়াল টিমকে ধন্যবাদও জানান তিনি। একই সঙ্গে নতুন দায়িত্বপ্রাপ্ত প্রশাসনের কাছে নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় দায়িত্ব পাওয়া ঢাবির প্রক্টর সাইফুদ্দীন আহমেদ গত রবিবার পদত্যাগপত্র জমা দেন। পরে তার স্থলাভিষিক্ত হন চারুকলা অনুষদের শিক্ষক ও সাদা দলের সাবেক আহ্বায়ক ইসরাফিল রতন প্রামাণিক। এর একদিন পর সোমবার পদত্যাগ করেন সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া মোনামী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD