Logo

নতুন ভিসির আগমনে ডুয়েটে রণক্ষেত্র, পুলিশ–সাংবাদিকসহ আহত ১৫

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
১৭ মে, ২০২৬, ১৪:৫১
নতুন ভিসির আগমনে ডুয়েটে রণক্ষেত্র, পুলিশ–সাংবাদিকসহ আহত ১৫
ছবি: প্রতিনিধি

নবনিযুক্ত উপাচার্যের (ভিসি) যোগদানকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা, ধাওয়া–পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় গাজীপুরের (ডুয়েট) ক্যাম্পাস এলাকা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এতে পুলিশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে।

বিজ্ঞাপন

রবিবার (১৭ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ সংঘর্ষের সূত্রপাত হয়।

জানা যায়, গত বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়। ওই প্রজ্ঞাপন অনুযায়ী শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন ভিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়।

বিজ্ঞাপন

নির্ধারিত সময় অনুযায়ী তিনি দায়িত্ব গ্রহণের উদ্দেশ্যে ক্যাম্পাসে পৌঁছালে আগেই একদল শিক্ষার্থী ‘লাল কার্ড কর্মসূচি’র ব্যানারে বিক্ষোভ শুরু করে মূল ফটকে তালা লাগিয়ে দেয় এবং তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করে। ফলে ক্যাম্পাসে প্রবেশকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

অন্যদিকে ভিসিকে স্বাগত জানানো অপর একটি পক্ষ ফটক খুলে ভেতরে প্রবেশের চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষ একে অপরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ক্যাম্পাসের ভেতর ও বাইরে থাকা শিক্ষার্থীরা দফায় দফায় প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে পুরো এলাকা যুদ্ধক্ষেত্রের মতো পরিস্থিতি ধারণ করে। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ গাজীপুর মহানগর পুলিশের অন্তত পাঁচ সদস্য আহত হন। আহত হন গাজীপুর সদর উপজেলার ইউএনও সাজ্জাত হোসেন ও দায়িত্বে থাকা একাধিক সাংবাদিকও। আহত হন ছাত্রদল ও অন্যান্য পক্ষের অন্তত ৮–১০ জন নেতাকর্মী।

বিজ্ঞাপন

পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে ক্যাম্পাসের মূল ফটকের সামনে আগুন ধরিয়ে দিয়ে অবরোধ সৃষ্টি করা হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করার চেষ্টা করে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের একাংশের দাবি, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বাস্তবতা ও শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় স্থানীয় শিক্ষকদের মধ্য থেকেই ভিসি নিয়োগ দেওয়া উচিত ছিল। তাদের অভিযোগ, বহিরাগতদের হস্তক্ষেপে শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা চালানো হয়েছে।

বিজ্ঞাপন

অন্যদিকে ভিসিকে সমর্থনকারী পক্ষের দাবি, পূর্ববর্তী প্রশাসনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ থাকায় নতুন নিয়োগকে কেন্দ্র করে একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে অস্থিতিশীলতা সৃষ্টি করেছে এবং বহিরাগতদের ব্যবহার করে হামলা চালানো হয়েছে।

গাজীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, সংঘর্ষে পুলিশ, সাংবাদিক ও সাধারণ শিক্ষার্থীসহ অন্তত ১৪–১৫ জন আহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে ক্যাম্পাস এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত নবনিযুক্ত ভিসি ক্যাম্পাসের বাইরে নিরাপদ স্থানে অবস্থান করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।

জেবি/আরএক্স

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD