Logo

ডুয়েটে নতুন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা

profile picture
জেলা প্রতিনিধি
গাজীপুর
২১ মে, ২০২৬, ২১:৪৪
ডুয়েটে নতুন উপাচার্যকে ফুলেল শুভেচ্ছা
ছবি: সংগৃহীত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবালকে ফুলেল সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার উপাচার্যের কার্যালয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট পরিচালক, শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন ও কর্মচারী সমিতির নেতারা পর্যায়ক্রমে তাকে শুভেচ্ছা জানান।

বিজ্ঞাপন

পরে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময়কালে অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল বলেন, দেশের অন্যতম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ডুয়েটের দায়িত্ব পেয়ে তিনি মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছেন। সবার সহযোগিতায় শিক্ষা, গবেষণা, উদ্ভাবন, প্রকাশনা এবং ইন্ডাস্ট্রি-অ্যাকাডেমিয়া সমন্বয়ের মাধ্যমে ডুয়েটকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে রূপ দিতে কাজ করবেন বলেও জানান তিনি।

তিনি বলেন, আধুনিক বিশ্বের সুযোগ-সুবিধা কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয়কে আরও এগিয়ে নিতে হবে। এ লক্ষ্যে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১৪ মে মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল ডুয়েটের উপাচার্য হিসেবে নিয়োগ পান।

ডুয়েটে যোগদানের আগে তিনি নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, সিলেটের উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেন। দীর্ঘ ৩৪ বছরের কর্মজীবনে তিনি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হল প্রভোস্ট ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

২০১৮ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের মেরি ও’কনর প্রসেস সেফটি সেন্টারে ভিজিটিং রিসার্চ স্কলার হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। ভারতের শ্রী ভেঙ্কটেশ্বর ইউনিভার্সিটি কলেজ অব ইঞ্জিনিয়ারিং থেকে স্নাতক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে স্নাতকোত্তর এবং আয়ারল্যান্ডের ডাবলিন সিটি ইউনিভার্সিটি থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

বিজ্ঞাপন

দেশি-বিদেশি বিভিন্ন জার্নালে তার ৩৫টির বেশি গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া আন্তর্জাতিক সম্মেলনে ৯০টির বেশি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেছেন তিনি।

গবেষণা ও একাডেমিক অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি আইইওএম সোসাইটি ইন্টারন্যাশনাল থেকে ডিস্টিংগুইশড প্রফেসর অ্যান্ড লিডারশিপ অ্যাওয়ার্ডসহ বিভিন্ন আন্তর্জাতিক সম্মাননা লাভ করেছেন। পাশাপাশি তিনি আইইবি, অ্যাশরেই বাংলাদেশ শাখা, বাংলাদেশ কম্পিউটার সোসাইটি ও এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশের সক্রিয় সদস্য।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD