Logo

ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৩
ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ
ছবি: সংগৃহীত

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে গ্রিন রোডের মুখে এ সংঘর্ষ শুরু হয়। এতে সায়েন্সল্যাব মোড়ের আশপাশের সড়কগুলোতে যান চলাচল ব্যাহত হয়।

বিজ্ঞাপন

ঢাকা কলেজের উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী হাবিবের দাবি, ক্লাস শেষে ঢাকা কলেজের বাস সায়েন্সল্যাব দিয়ে যাওয়ার সময় আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বাস লক্ষ্য করে ইটপাটকেল ছোড়েন। এতে বাসের কয়েকটি জানালার কাচ ভেঙে যায়। পরে খবর পেয়ে ঢাকা কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাবে গিয়ে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের প্রতিহত করেন বলে জানান তিনি।

অন্যদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক আইডিয়াল কলেজের এক শিক্ষার্থী অভিযোগ করেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা হঠাৎ তাদের ওপর হামলা করেন। সংঘর্ষের কারণ সম্পর্কে তিনি কিছু জানেন না বলে জানান।

তাঁর দাবি, আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন এবং কয়েকজনের মাথায় আঘাত লেগেছে।

বিজ্ঞাপন

ওই শিক্ষার্থী আরও বলেন, তারা নতুন শিক্ষার্থী এবং বাসার দিকে যাওয়ার সময় হঠাৎ হামলার মুখে পড়েন। এ ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কার কথাও জানান তিনি।

এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে ইলিয়াস বলেন, ঢাকা কলেজের বাস সায়েন্সল্যাব দিয়ে যাওয়ার সময় আইডিয়াল কলেজের কিছু শিক্ষার্থী ল্যাবএইড হাসপাতালের সামনে ভাঙচুরের চেষ্টা করেন বলে তিনি জানতে পেরেছেন। পরে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঢাকা কলেজের তিন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানান তিনি।

অধ্যক্ষ আরও বলেন, সংঘর্ষের আশঙ্কায় সকাল থেকেই ঢাকা কলেজ প্রশাসন নিউমার্কেট ও ধানমন্ডি থানার সঙ্গে যোগাযোগ করে। শিক্ষার্থীদের সংঘর্ষ থেকে বিরত রাখতে শিক্ষকদেরও ঘটনাস্থলে পাঠানো হয়েছিল। পাশাপাশি পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছিল।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD