Logo

বিশ্ব র‍্যাংকিংয়ে ১০০০-এর মাঝেও স্থান পায়নি ঢাবি-বুয়েট

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ সেপ্টেম্বর, ২০২৬, ১৭:৪৮
বিশ্ব র‍্যাংকিংয়ে ১০০০-এর মাঝেও স্থান পায়নি ঢাবি-বুয়েট
ছবি: সংগৃহীত

টাইমস হায়ার এডুকেশনের (THE) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিং ২০২৭’-এ বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) শীর্ষ এক হাজারের মধ্যে স্থান পায়নি।

বিজ্ঞাপন

বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে প্রকাশিত র‍্যাংকিংয়ে বাংলাদেশের মোট ২৫টি বিশ্ববিদ্যালয় বিভিন্ন ক্যাটাগরিতে জায়গা পেয়েছে।

প্রকাশিত তালিকায় ৮০১ থেকে ১০০০ র‍্যাংকের মধ্যে যৌথভাবে রয়েছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি), ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ও নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ)।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর পরের ১০০১ থেকে ১২০০ র‍্যাংক ব্যান্ডে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ব্র্যাক ইউনিভার্সিটি, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ও রাজশাহী বিশ্ববিদ্যালয়।

১২০১ থেকে ১৪০০ র‍্যাংক ব্যান্ডে রয়েছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

বিজ্ঞাপন

১৪০১ থেকে ১৬০০ ব্যান্ডে রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম, খুলনা বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

এ ছাড়া ১৮০১ থেকে ২০০০ র‍্যাংক ব্যান্ডে রয়েছে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি।

র‍্যাংকিংয়ে অংশ নেওয়া হলেও মূল তালিকায় স্থান পাওয়ার প্রয়োজনীয় শর্ত পূরণ না করায় কয়েকটি বিশ্ববিদ্যালয়কে তালিকার বাইরে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, উত্তরা ইউনিভার্সিটি, বরেন্দ্র বিশ্ববিদ্যালয় ও ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।

বিজ্ঞাপন

টাইমস হায়ার এডুকেশন জানিয়েছে, শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণা, সাইটেশন ও আন্তর্জাতিক শিক্ষার্থীর উপস্থিতিসহ বিভিন্ন সূচকের ভিত্তিতে ১১৮টি দেশের ২ হাজার ২৯৭টি বিশ্ববিদ্যালয়কে মূল্যায়ন করা হয়েছে।

র‍্যাংকিং প্রক্রিয়ায় শিক্ষার মান, গবেষণা পরিবেশ, গবেষণার শ্রেষ্ঠত্ব, শিল্পখাতের সঙ্গে সংযোগ এবং আন্তর্জাতিক সম্ভাবনা—এই পাঁচটি প্রধান ক্ষেত্রের বিভিন্ন কর্মদক্ষতা সূচক বিবেচনা করা হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD