Logo

চুয়েটে সপ্তম দিনেও থামেনি আন্দোলন, প্রধান ফটকে ‘৫৬’ বলের ক্রিকেট

profile picture
ক্যাম্পাস প্রতিনিধি
২৮ সেপ্টেম্বর, ২০২৬, ১৩:৫১
চুয়েটে সপ্তম দিনেও থামেনি আন্দোলন, প্রধান ফটকে ‘৫৬’ বলের ক্রিকেট
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন সপ্তম দিনেও অব্যাহত রয়েছে। আন্দোলনের কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রমে স্থবিরতা কাটেনি। নিয়মিত ক্লাসের পাশাপাশি ল্যাব, পরীক্ষা ও অন্যান্য শিক্ষা কার্যক্রমও বন্ধ রয়েছে।

বিজ্ঞাপন

দীর্ঘ সময় ধরে ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। কবে নাগাদ এসব কার্যক্রম স্বাভাবিক হবে, তা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে শিক্ষকেরাও কর্মবিরতি পালন করছেন। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরাও আন্দোলনে সমর্থন জানিয়ে একই কর্মসূচিতে যুক্ত হয়েছেন। এতে শিক্ষা কার্যক্রমের পাশাপাশি প্রশাসনিক কাজেও স্থবিরতা দেখা দিয়েছে।

আন্দোলনের সপ্তম দিনে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ক্রিকেট পিচ তৈরি করে আয়োজন করা হয়েছে ‘৫৬ বল শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট’। আন্দোলনের মধ্যেই প্রধান ফটকে শিক্ষার্থীদের অংশগ্রহণে এই ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে একটি শ্বেতশাড়িতে অধ্যাপক ড. সায়েমের সময়কালের বিভিন্ন কার্যক্রম ও গুরুত্বপূর্ণ ঘটনার গণসাক্ষ্য তুলে ধরা। শিক্ষক, শিক্ষার্থী ও আন্দোলনকারীদের ওপর চাপ, ভয়ভীতি প্রদর্শন ও হুমকির প্রতিবাদে বিক্ষোভ মিছিলেরও কর্মসূচি রয়েছে। পরে শহীদ মিনার প্রাঙ্গণে বড় পর্দায় ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমা প্রদর্শনের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

আন্দোলনের কারণে চুয়েটের শ্রেণিকক্ষগুলো ফাঁকা পড়ে আছে। উপাচার্য ভবনের দরজাতেও ঝুলছে তালা। সেখানে টাঙানো একটি নোটে লেখা রয়েছে, ‘এই তালা শুধুমাত্র সায়েম স্যার খুলতে পারবেন।’

রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতেও আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে অবস্থান করেন। রাতের নীরবতার মধ্যে কেউ কার্ড খেলেছেন, কেউ গিটারে গান তুলেছেন। আবার কেউ ল্যাপটপে অনলাইন ফুটবল গেম খেলেছেন। কেউ ই-ফুটবল, কেউ ফিফা খেলায় ব্যস্ত ছিলেন। প্রধান ফটকের সামনের সড়কেও কয়েকজন শিক্ষার্থী ক্রিকেট খেলেছেন।

নতুন উপাচার্যের প্রবেশ ঠেকাতে রাতভর প্রধান ফটকে পাহারা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দীর্ঘ আন্দোলনের মধ্যেও রাতের সময় নিজেদের মতো বিভিন্ন আয়োজনে কাটাচ্ছেন তারা।

বিজ্ঞাপন

এর আগে রবিবার দিনভর বিভিন্ন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। ‘৫৬?’ প্রতীকী প্রশ্নযাত্রায় অংশ নিতে বিভিন্ন আবাসিক হল থেকে শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে জড়ো হন। তাদের হাতে ছিল ‘৫৬?’ লেখা লাল কাগজের প্ল্যাকার্ড। সেখান থেকে প্রশ্নযাত্রা বের হয়ে স্বাধীনতা চত্বর প্রদক্ষিণ করে পুনরায় শহীদ মিনার প্রাঙ্গণে এসে শেষ হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে অনুষ্ঠিত হয় ‘৫৬ কর্ণার’। সেখানে অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমের সময়ে চুয়েটের আধুনিকায়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন শিক্ষার্থীরা। এরপর পথনাটকের মাধ্যমে মাত্র ৫৬ দিন দায়িত্ব পালনের পর উপাচার্য পরিবর্তন, নতুন উপাচার্যের অনলাইনে যোগদান এবং আন্দোলনের বিভিন্ন ঘটনাপ্রবাহ উপস্থাপন করা হয়।

আন্দোলনের ধারাবাহিকতায় এর আগে গণস্বাক্ষর, মানববন্ধন, অবস্থানসহ বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। তারা ক্লাস-পরীক্ষা বর্জনের পাশাপাশি উপাচার্য ভবন ও বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকেও অবস্থান নিয়েছেন।

শিক্ষার্থীদের দাবি, অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনরায় চুয়েটের উপাচার্য পদে বহাল করতে হবে। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD